0%

হুঁশিয়ারি দিয়েছিলেন আগেই! এবার থানার ভিতর ‘ভুয়ো হলফনামা’ তৈরির ভিডিও ফাঁস অভিষেকের

SOBDIK NEWS: তৃণমূলের (TMC) নাম-প্রতীক নিয়ে টানাপড়েনের মাঝে বড় চ্যালেঞ্জ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। থানার ভিতর এফিডেভিট ফাইল হয়েছে এই অভিযোগ করে বলেন, বড়পর্দায় সব দেখানো হবে। শনিবার দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে সেই কাজই করলেন তিনি।

থানার ভিতরের ভিডিও ফাঁস অভিষেকের | (Abhishek Banerjee)

এদিন মহুয়া মৈত্র ও ডেরেক ও’ব্রায়েনকে পাশে নিয়ে রাজধানীতে একটি সাংবাদিক বৈঠক করেন মমতা তৃণমূলের সাংসদ। সেখানে ফের ঋত শিবিরের বিরুদ্ধে ভুয়ো হলফনামা তৈরির অভিযোগ তুলে বেশ কিছু ফুটেজ প্রকাশ্যে আনেন তিনি। দাবি করেন, রাজ্যের থানার ভিতরেই পুলিশকে ব্যবহার করে এই কাজ করা হয়েছে।

অভিষেকের অভিযোগ, থানার ইনস্পেকটর থেকে সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে বেআইনিভাবে এই কাজ করানো হয়েছে। পুলিশকর্মীদের একাংশই চিঠি দিয়ে জানান, তাঁদের সামনে থানার ভিতর এই জালিয়াতি চলছে।

আরও পড়ুনঃ ভর্তুকিতে মিলবে ২০ কোটির চাষের যন্ত্রপাতি! রাজ্যের উদ্যোগে লটারি সাড়ে ৩ হাজার কৃষকের

ডায়মন্ড হারবারের সাংসদের দাবি, পূর্ব বর্ধমানের কালনা থানার ভিডিও এটি। সেখানে একজনকে বলতে শোনা যায়, “তিনজন ছেলে কাজ করছে। আরও চারজন লাগবে।“ অন্য একজন বলেন, “আরে যে কোনও এলাকার এফিডেভিট নে আর কাজ শুরু কর।“

তৃণমূল সাংসদের দাবি, বিরোধী পক্ষকে ভুয়ো নথি তৈরি করায় সরকারের তরফে সাহায্য করা হচ্ছে, এমন ঘটনা স্বাধীনতার পর দেশের রাজনৈতিক ইতিহাসে কখনও ঘটেনি। সাধারণ মানুষ ও দলের কর্মীদের পুলিশ দিয়ে ভয় দেখিয়ে এই কাজ করানো হয়েছে বলে দাবি করেন তিনি।

অভিষেক বলেন, “নোটারির সই ভুয়ো, নোটারির স্ট্যাম্প ভুয়ো। যার নামে সই করা হচ্ছে, যার নামে এফিডেভিট হচ্ছে, তিনি জানেন না। তাঁর এটাও অজানা যে তাঁর নামে এফিডেভিট ফাইল করে নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। এটা পশ্চিমবঙ্গ সরকার ও তথাকথিত বিরোধী দল ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেসের আসল চেহারা।“

তৃণমূল সাংসদের প্রশ্ন, “স্বাধীন ভারতে এর থেকে বড় অপরাধ আর কি হতে পারে?” পাশাপাশি তাঁর দাবি, রাজ্যের ৮০ শতাংশ থানায় এই কাজ হয়েছে। তাঁদের কাছে আরও অনেক ভিডিও আছে। তার মধ্যে থেকে এদিন কয়েকটি ভিডিও সামনে আনা হয়েছে।

এদিন অভিষেক বলেন, তিনি কোনও মন্তব্য করলে একাধিক প্রশ্ন উঠতে পারে। তবে ভিডিও মিথ্যা বলে না। এরপর সরাসরি আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন তিনি। স্পষ্ট জানান, এই বেআইনি কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা যুক্ত তাঁদের সবার নামে জালিয়াতির মামলা দায়ের করা হবে। প্রয়োজনে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন সাংসদ।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker