বিধ্বংসী ডবল সেঞ্চুরি, ৬ বলে ৬ ছক্কায় কলকাতার ময়দানে যুবির স্মৃতি ফেরালেন বঙ্গতনয়

এক ওভারে ছ’বলে ছ’টি ছক্কা! সিএবি-র দ্বিতীয় ডিভিশন ওয়ানডে লিগে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালালেন মোহনলাল ক্লাবের অঙ্কন আইচ। ফেরালেন যুবরাজ সিংয়ের স্মৃতি। সাউথ সাবার্বান ক্লাবের সমুজিৎ সেনের এক ওভারে ছ’বার বল পাঠালেন সীমানার বাইরে। অঙ্কনের বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে ৪৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৭৪ রানের পাহাড় গড়ল মোহনলাল ক্লাব।
শুক্রবার ইডেন গার্ডেন্সের উলটো দিকে কাস্টমস মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন দুই ওপেনার অঙ্কন ও আয়াজ উদ্দিন সিদ্দিক। তাঁদের ব্যাটিংয়ের সামনে কার্যত দিশাহারা হয়ে পড়েন সাউথ সাবার্বানের বোলিং। প্রথম উইকেটের জুটিতেই ওঠে ৩২৮ রান। ১২৯ বলে ২০৪ রান করে ফেরেন আয়াজ। তাঁর ইনিংস সাজানো ছিল ৩১টি চার ও আটটি ছক্কায়। শেষ পর্যন্ত অঙ্কিত বৈরাগীর বলে শুভম ঠাকুরের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।
আয়াজ ফিরলেও থামেননি অঙ্কন। অন্য প্রান্তে তখন অবাধে রান করে যান তিনি। ১৩২ বলে ২৩৬ রান করে অপরাজিত থাকেন। ১৩টি চার এবং ২৫টি ছক্কায় সাজানো তাঁর ইনিংস। তিন ঘণ্টার ইনিংসে তাঁর স্ট্রাইক রেট ১৭৮.৭৯। বিশেষ করে শেষ ওভারে সমুজিৎ সেনের ওভারে ‘নির্দয়’ হয়ে ওঠেন অঙ্কন। ৪৫তম ওভারে সোমুজিতের প্রথম বলেই ‘কাউ কর্নার’ (ডিপ মিড-উইকেট এবং লং-অন-এর মাঝামাঝি বা বাউন্ডারির কাছাকাছি অবস্থিত) দিয়ে ছক্কা হাঁকান অঙ্কন। পরের বলে লং অফের উপর দিয়ে বল পাঠান গ্যালারিতে। তৃতীয় বলে স্লগ সুইপে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা। চতুর্থ বলেও একই অঞ্চলে উড়ে যায় বল। পঞ্চম ডেলিভারি নো বল হয়। ফ্রি হিট পাওয়া বলেও স্কোয়ার ড্রাইভে ডিপ পয়েন্ট দিয়ে ছক্কা মারেন তিনি। পরের বলেও কাট শটে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে আরও একটি ছক্কা। অর্থাৎ, এক ওভারে ছ’টি ছক্কা হাঁকান অঙ্কন।
অঙ্কনের এই ঝোড়ো ব্যাটিংয়েই শেষ দিকে আরও গতি পায় মোহনলালের রান তোলার গতি। নির্ধারিত ৪৫ ওভার শেষে তাদের স্কোর দাঁড়ায় ৪৭৪/২। রান রেট ১০.৫৩। আয়াজের ডবল সেঞ্চুরি এবং অঙ্কনের অপরাজিত ২৩৬ রানের ইনিংসে ভর করে দ্বিতীয় ডিভিশন লিগে স্মরণীয় এক ব্যাটিং প্রদর্শন উপহার দিল মোহনলাল ক্লাব। ছয় ছক্কা খাওয়া সমুজিৎ ৮ ওভারে দিয়েছেন ৯৩ রান কোনও উইকেট পাননি। সাউথ সাবাবার্ন ক্লাবের হয়ে একটি মাত্র উইকেট সংগ্রহ করেন অঙ্কিত বাগচি। তবে চার ওভারে দিয়েছেন ৭২ রান। মোহনলাল ক্লাবের আরেকটি উইকেট রানআউট।
তবে চর্চা চলছে, অঙ্কনের ছ’বলে ছয় ছক্কা নিয়ে। যা ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেন যুবরাজ সিংয়ের স্মৃতি ফেরাল। ১৯ সেপ্টেম্বর ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বোলার স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছ’টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়েন যুবি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কা মারা প্রথম ব্যাটার তিনিই।
শেয়ার
লিংক



