ব্যাটিং ব্যর্থতায় মরণবাঁচন ম্যাচে জঘন্য হার, মুস্তাক আলি থেকে ছিটকে গেল বাংলা

মরণবাঁচন ম্যাচে হতশ্রী ব্যাটিং। সেরকমই খারাপ ফিল্ডিং ও নেতৃত্ব। যার ফলে রাজস্থানের কাছে হেরে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে জঘন্য হার বাংলার। সেই সঙ্গে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল অভিমন্যু ঈশ্বরণের দল। ব্যাটিংয়ে কিছুটা চেষ্টা করেছিলেন শাকির গান্ধী। তারপর বোলিংয়ে লড়াই করেন মুকেশ কুমার। ব্যস! এটুকুই। অভিষেক পোড়েল, করণ লালরা ব্যর্থ হতেই ৬ উইকেটে ম্যাচ হেরে বিদায় বাংলার।
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এদিন ম্যাচ শুরু হতে দেরি হয়। তার উপর সবুজ উইকেট। এই পরিস্থিতিতে টসে জিতে অভিমন্যুর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠবেই। এই টুর্নামেন্টে বাংলার ব্যাটিং ধারাবাহিকতার অভাবে ভুগেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে সেটাই সবচেয়ে বেশি ভোগাল। প্রথম ওভারেই রানের খাতা খুলতে না পেরে আউট। তৃতীয় ওভারে আউট এই ম্যাচে সুযোগ পাওয়া আদিত্য পুরোহিত। কিছুক্ষণ পর ফিরে গেলেন শশাঙ্ক সিং। এরকম ম্যাচে দল বদলানোর পাশাপাশি কেন ব্যাটিং অর্ডার বদলানো হল, সেটাও একটা প্রশ্ন। অভিমন্যু ঈশ্বরণ ১৭ বলে ২৬ রানে আউট হন। একমাত্র চেষ্টা করেন শাকির গান্ধী। তিনি ৪৩ বলে ৬৯ রান করেন। করণ লালের সংগ্রহ ২৮। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে কোনও মতে ১৫৭ রান তোলে বাংলা। রাজস্থান অধিনায়ক দীপক চাহার তোলেন ৩ উইকেট।
কিন্তু আটসাঁট বোলিংই বা হল কোথায়? অভিষেক তোমার ও মহিপাল লোমরোর দু’জনেই ৭৪ রান করে ম্যাচ ছিনিয়ে নিয়ে গেলেন। মাঝে একটা সময় পরপর দুই বলে দুই উইকেট তুলে একটা আশা দেখিয়েছিলেন মুকেশ কুমার। রানও কম দেন। এরপর সায়ন ঘোষও একটি উইকেট পান। তবে অভিষেক-মহিপালের জবাব ছিল না বাংলার কাছে। মহম্মদ শামি উইকেট পাননি। তার সঙ্গে জঘন্য ফিল্ডিং। আদিত্য ক্যাচ মিস করলেন, চার খাওয়ালেন। মুকেশকে বোলিংয়ে না এনে টানা ঋষভ চৌধুরীকে বল করিয়ে গেলেন বাংলার অধিনায়ক। শেষ দিকে তো চার-ছক্কার বন্যা চলল রাজস্থানের ব্যাটারের থেকে। শেষ পর্যন্ত ২০ বল বাকি থাকতেই ৬ উইকেট হাতে নিয়ে ম্যাচ জিতে সুপার লিগে গেল রাজস্থান। ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে বাংলা শেষ করল তৃতীয় স্থানে।
শেয়ার
লিংক



