অমৃতসর-জামনগর অর্থনৈতিক করিডরে ভারতীয় সেনার চারটি মাইক্রোলাইট বিমানের অবতরণ ও উড্ডয়ন

নয়াদিল্লি, ২৬ নভেম্বর : গুজরাটে অমৃতসর-জামনগর অর্থনৈতিক করিডরের একটি অংশে ভারতীয় সেনার চারটি মাইক্রোলাইট বিমান সফলভাবে অবতরণ এবং পুনরায় উড্ডয়ন করল। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি।
তিনি জানান, ভারতীয় সেনার ‘টিম মাউন্টেন ঈগলস’-এর চারটি মাইক্রোলাইট বিমান ‘উইংস অব ভ্যালর অ্যান্ড ইউনিটি এক্সপেডিশন’-এর অংশ হিসেবে জাতীয় মহাসড়ক এনএইচ-৭৫৪এ-র ৯৪৬ থেকে ৯৪৯ কিলোমিটার অংশে এই অভিযান সম্পন্ন করে।
সমাজমাধ্যম এক্স-এ এই সাফল্যের কথা জানিয়ে গড়করি বলেন, ভারতীয় সেনা এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের (এনএইচএআই) মধ্যে সমন্বয়ের এটি একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। আধুনিক মহাসড়ক যে শুধু সাধারণ যান চলাচলের জন্য নয়, প্রয়োজনে দেশের কৌশলগত ও সামরিক প্রয়োজনেও ব্যবহার করা যেতে পারে, এই অভিযান তার প্রমাণ।
কেন্দ্রীয় মন্ত্রীর মতে, দেশের উন্নত পরিবহণ পরিকাঠামো শুধু পণ্য পরিবহণ ও অর্থনৈতিক উন্নয়নেই ভূমিকা রাখবে না, পাশাপাশি প্রতিরক্ষা প্রস্তুতি, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং বিশেষ প্রয়োজনে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদানেও সক্ষম হবে।
তিনি আরও জানান, নিরাপত্তা সংক্রান্ত সমস্ত নিয়ম মেনে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ের ভিত্তিতে জাতীয় মহাসড়কের নির্দিষ্ট কিছু অংশ ভবিষ্যতে আকাশপথের দুঃসাহসিক অভিযান এবং পর্যটনের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে।
এই অভিযানের সফল পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য ভারতীয় সেনার টিম মাউন্টেন ঈগলস, এনএইচএআই এবং সংশ্লিষ্ট সমস্ত সংস্থাকে অভিনন্দন জানিয়েছেন গড়করি।
প্রসঙ্গত, অমৃতসর-জামনগর অর্থনৈতিক করিডর উত্তর ও পশ্চিম ভারতের মধ্যে যোগাযোগ এবং পণ্য পরিবহণ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে গড়ে তোলা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্প। এই অভিযানের মাধ্যমে সাধারণ নাগরিকদের পাশাপাশি সামরিক প্রয়োজনেও গুরুত্বপূর্ণ জাতীয় পরিকাঠামো ব্যবহারের সম্ভাবনা আরও স্পষ্ট হয়েছে।



