‘লজ্জায় মাথা হেঁট হওয়া উচিত’, মহিলা সংরক্ষণ ইস্যুতে বিরোধীদের আক্রমণ মোদীর

নয়াদিল্লি: সংবিধান দিবসের বার্তায় সংবিধান প্রণয়নে নারীদের অবদানের কথা স্মরণ করে আইনসভায় মহিলাদের প্রতিনিধিত্ব বাড়ানোর পক্ষে ফের জোরালো সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক বার্তায় চলতি বছরের শুরুতে লোকসভায় মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল আটকে যাওয়ার ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন তিনি। এর জন্য সরাসরি বিরোধী দলগুলিকে দায়ী করে মোদীর তোপ, সংবিধানের মূল্যবোধের প্রতি যে বিরোধীদের কোনো শ্রদ্ধা নেই, তা ফের একবার প্রমাণিত হয়েছে। তবে দেশের ‘নারী শক্তি’কে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, তাঁদের প্রাপ্য ন্যায়বিচার নিশ্চিত করার পথ কোনো শক্তিই রুখতে পারবে না।
সংবিধান দিবসের বার্তায় প্রধানমন্ত্রী বলেন, যে সব মহীয়সী নারী সংবিধান গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, তাঁদের স্বীকৃতি না দিলে দেশের সাংবিধানিক যাত্রা অসম্পূর্ণ থেকে যাবে। কিন্তু চলতি বছরের শুরুতে সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের পর্যাপ্ত প্রতিনিধিত্ব দেওয়ার বিলটি পাস হতে না পারা অত্যন্ত লজ্জার বিষয়।
প্রসঙ্গত, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ দ্রুত কার্যকর করতে গত ১৭ এপ্রিল লোকসভায় ‘সংবিধান (১৩১তম সংশোধনী) বিল, ২০২৬’ পেশ করেছিল কেন্দ্র। বিলটির পক্ষে ২৯৮টি এবং বিপক্ষে ২৩০টি ভোট পড়েছিল। কিন্তু সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না মেলায় বিলটি পাস হয়নি। ২০১৪ সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম তাদের কোনো সংবিধান সংশোধনী বিল লোকসভায় পরাজিত হয়।
২০২৩ সালের ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ (১০৬তম সংবিধান সংশোধনী)-এ জনগণনা ও আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন)-এর পর মহিলা সংরক্ষণ কার্যকর করার কথা বলা হয়েছিল। ২০২৬-এর বিলটিতে লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে সর্বাধিক ৮৫০ করা এবং আসন পুনর্বিন্যাস প্রক্রিয়ার সঙ্গে মহিলা সংরক্ষণকে যুক্ত করা হয়েছিল। কংগ্রেস-সহ বিরোধী দলগুলির বক্তব্য ছিল, তারা ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণের পক্ষে থাকলেও আসন পুনর্বিন্যাস প্রক্রিয়ার বিরোধী। কারণ এতে রাজ্যগুলির মধ্যে রাজনৈতিক ভারসাম্য নষ্ট হবে এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলির প্রতিনিধিত্ব ক্ষতিগ্রস্ত হতে পারে। সরকার সেই যুক্তি মানেনি। বিলটি আটকে যাওয়ায় আসন পুনর্বিন্যাস এবং কেন্দ্রশাসিত অঞ্চল সংক্রান্ত আরও দু’টি বিল আর এগোয়নি।
বৃহস্পতিবারের বার্তায় কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলগুলিকে ‘বিরোধী পক্ষ’-এর বদলে ‘অবরোধ পক্ষ’ বলেও কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, সাংবিধানিক গণতন্ত্রে বিরোধীদের কাজ সরকারকে প্রশ্ন করা, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করা নয়।
৯৬.৯৭ থেকে ৯২.২৯! ডলারের বিরুদ্ধে ঘুরে দাঁড়াল ভারতীয় রুপি
ডাক বিভাগে বড়সড় বদল! গ্রামেও চালু হচ্ছে ২৪ ঘণ্টার স্মার্ট লেটারবক্স



