শুক্রবার শুরু দ্বিতীয় টেস্ট, ওয়েলিংটনের মতোই ‘নিষ্প্রাণ’ পিচ অপেক্ষা করছে গিলদের জন্য?

আগামী ২৭ নভেম্বর থেকে শুরু সিরিজের দ্বিতীয় ভারত-নিউজিল্যান্ড টেস্ট। বেসিন রিজার্ভ টেস্টের নিষ্ফলা পরিণতি দেখে ক্রিকেটমহলের জিজ্ঞাস্য– হ্যাগলে ওভালের বাইশ গজ কেমন হবে? বেসিন রিজার্ভের মতোই ভ্রমাত্মক? নাকি বাইশ গজে পেস-বাউন্স থাকবে কিছু?
ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট শুরুর আগের দিন পর্যন্ত আউটফিল্ডের সঙ্গে আলাদা করা যাচ্ছিল না পিচকে। এতটা সবুজ ছেয়ে ছিল চারদিকে। মনে করা হচ্ছিল, পেস-বাউন্স সর্বস্ব উইকেট হবে। কিন্তু আদতে প্রথম দিনের প্রথম দু’ঘণ্টা বাদ দিলে পিচ থেকে কিছু পাওয়া যায়নি। বরং সময় যত এগিয়েছে, তত বেসিন রিজার্ভ বাইশ গজ ব্যাটিংয়ের পক্ষে সহজ হয়েছে। টেস্টেও শেষ পর্যন্ত রেজাল্ট হয়নি। এখন সমবেত প্রশ্ন হল, হ্যাগলে ওভালের পিচ কেমন হবে? সেখানে কি বল ট্রাভেল করবে? তাতে গতি-বাউন্স থাকবে? নাকি বেসিন রিজার্ভের মতোই পরের দিকে পাটা হয়ে যাবে পিচ?
প্রশ্ন হল, হ্যাগলে ওভালের পিচ কেমন হবে? সেখানে কি বল ট্রাভেল করবে? তাতে গতি-বাউন্স থাকবে? নাকি বেসিন রিজার্ভের মতোই পরের দিকে পাটা হয়ে যাবে পিচ?
নিউজিল্যান্ড ব্যাটার ডারেল মিচেল আশাবাদী। যিনি দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৪৯ করে টেস্ট বাঁচিয়ে দেন। গ্লেন ফিলিপসের সঙ্গে জুটি বেঁধে। সেই মিচেল বলে দিলেন, হ্যাগলে ওভালে তুলনামূলক বেশি পেস-বাউন্স থাকবে। বেসিন রিজার্ভে যা পাওয়া যায়নি, তা দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে। ‘‘আসলে বেসিন রিজার্ভের পিচের চরিত্রই তাই। প্রথম দিকে সবুজ থাকে। তার পর আস্তে আস্তে ব্যাটিং সারফেস হয়ে যায়। তবে এটা ঠিক, বেসিন রিজার্ভের পিচ যে ও রকম মন্থর হয়ে যাবে, আমরা ভাবতে পারিনি। বল নিচু হয়ে যাবে, সেটাও ভাবিনি। তবে হ্যাগলেতে সে রকম হবে বলে মনে হয় না,’’ বলে দিয়েছেন মিচেল।
তবে ব্ল্যাক ক্যাপস ব্যাটার প্রশংসা করেছেন ভারতীয় বোলারদের। প্রশংসা করেছেন, জশপ্রীত বুমরাহদের চেষ্টাকে। যেভাবে ভারত প্রতিকূল পরিস্থিতির মধ্যে জয়ের দিকে যাচ্ছিল, ঝাঁপাচ্ছিল, তা কুর্নিশযোগ্য বলে মনে করেন মিচেল। ‘‘গোটা দিন ধরে ভারত কেমন খেলছে, সেটা সবাই দেখতে পেয়েছে। লম্বা সময় ধরে নির্বিষ পিচে ও রকম বোলিং করে গেলে, শরীরের উপর একটা চাপ পড়ে। কিন্তু সে সমস্ত অগ্রাহ্য করে জেতার চেষ্টা চালিয়ে গিয়েছে ওরা। একটা সময় পরে, আমাদের দুই টিমেরই মনে হয়েছে, অনর্থক খেলা চালিয়ে গিয়ে আর লাভ নেই। কারণ দু’তিন দিনে দ্বিতীয় টেস্ট রয়েছে। বিশ্রামের প্রয়োজন সবারই আছে,’’ বলে দিয়েছেন মিচেল।
বেসিন রিজার্ভ টেস্ট ড্র করার পর ভালো রকম ধাক্কা খেয়েছে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার স্বপ্ন।
তবে মিচেল প্রশংসা করলে কী হবে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের কেউ কেউ শুভমান গিলের টিমের উপর রুষ্ট। আসলে বেসিন রিজার্ভ টেস্ট ড্র করার পর ভালো রকম ধাক্কা খেয়েছে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার স্বপ্ন। ভারতের আর ছ’টা টেস্ট বাকি চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বৃত্তে। এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকায় চার নম্বরে রয়েছে ভারত। যদি বাকি ছ’টা টেস্টের ছ’টাতেও জয়ী হয় ভারত, তা হলেও টেস্ট ফাইনাল খেলা সম্ভব না-ও হতে পারে। ভেঙ্কটেশ প্রসাদের মতো প্রাক্তন ভারতীয় বোলার টিমের মনোভাব দেখে বিরক্ত।
বেসিন রিজার্ভ টেস্ট ড্র হতে দেখে তিনি সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট জিততে পারেনি ভারত। আবার বেসিন রিজার্ভেও পারল না। আমার মতে, খুব রক্ষণাত্মক স্ট্র্যাটেজি নিয়ে বেসিন রিজার্ভ টেস্ট খেলতে নেমেছিল ভারত। যা টিমের টেস্ট ফাইনাল খেলার স্বপ্ন কার্যত শেষ করে দিল। বলছি না, ভারতীয় দলে প্রতিভার অভাব। কিন্তু দল নির্বাচন ভুল হয়েছে। যে সমস্ত বোলারকে নেওয়া হয়েছে, তাদের পক্ষে বিপক্ষের কুড়ি উইকেট নেওয়া সম্ভব হয়নি।’
শেয়ার
লিংক



