0%

আমাকে মোটা বোলো না! ফের চর্চায় ১৯ বছরের চিতা বাওবাও, কেন এত মাতামাতি?

সালটা ২০২৪। গোলগাল চেহারা এবং মিষ্টি স্বভাবের কারণে প্রথমবার সমাজমাধ্যমে ভাইরাল হয় একটি চিতাবাঘ। নাম পান বাওবাও। সে দক্ষিণ-পশ্চিম চিনের পাঞ্জিহুয়া চিড়িয়াখানার বাসিন্দা। দু’বছর পর ফের আলোচনার কেন্দ্র বিন্দুতে সেই বাওবাও। কিন্তু কেন?

আসলে শারীরিক গঠনের কারণে ভাইরাল হলেও বাওবাও-কে নিয়ে উদ্বেগ দেখা যায় নেটিজেনদের মনে। একই অবস্থা ছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষেরও। তাই ওই বছরই তাঁর ওজন কমানোর জন্য বিশেষ পদক্ষেপ করা হয়। সে সময় প্রাণীটি বেশ কিছুটা ওজন কমাতে সক্ষমও হয়েছিল। কিন্তু সম্প্রতি ফের তার ভিডিও বাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, বাওবাও আবারও তার পরিচিত গোলগাল শারীরিক গড়ন ফিরে পেয়েছে। জানা যাচ্ছে, চিড়িয়াখানা কর্তৃপক্ষ তার জন্য আর কোনও নতুন ডায়েট বা ওজন কমানোর কর্মসূচি চালাতে নারাজ।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, এই মুহূর্তে ১৯ বছর বয়সি চিতাবাঘটির ওজন কমানোর চেষ্টা করা বৃথা। এক আধিকারিক ঝাং সংওয়েন বলেন, “এমন নয় যে আমরা তার খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করছি না; বরং বিষয়টি হল, বাওবাওয়ের বয়স অনেক হয়েছে। তাই এখন তার ওজন কমানোর পরিস্থিতি নেই। প্রাণীরা অনেকটা মানুষের মতোই – বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের চামড়া ঢিলে হয়ে যায়। এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রাখা। তাদের কেবল পর্যাপ্ত খাবারই নয়, বরং সঠিক পুষ্টি পাওয়াটাও জরুরি।”

জানা গিয়েছে, বর্তমানে বাওবাওকে প্রতিদিন ৫০০ গ্রামেরও বেশি গরুর মাংস দেওয়া হয়। এর পাশাপাশি তাকে মুরগির মাংসও দেওয়া হয়, যাতে চিতাবাঘটি সুষম পুষ্টি পায়। দর্শনার্থীরা তার স্থূল শরীরের দিকে ইঙ্গিত করে বিভিন্ন মন্তব্য করলেও, পরিচর্যাকারীদের মতে বাওবাওয়ের ওজনে তেমন কোনও উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি। ঝাংয়ের কথায়, “যতদিন তার ওজন স্থিতিশীল থাকে এবং সে ফুরফুরে মেজাজে থাকে, ততদিন বুঝতে হবে যে সে সবচেয়ে ভালো অবস্থায় আছে।”

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker