0%

হকিতে নিউজিল্যান্ড সফরে অপরাজিত ভারত, ১-০ ব্যবধানে জিতল ‘সেঞ্চুরি অফ স্পোর্টিং ইউনিটি’ সিরিজ

 

অকল্যান্ড, ২৩ নভেম্বর : নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে অপরাজিত থেকে ‘২০২৬ ইন্ডিয়া/নিউজিল্যান্ড সেঞ্চুরি অফ স্পোর্টিং ইউনিটি’ হকি সিরিজ জিতে নিল ভারতীয় পুরুষ হকি দল। রবিবার অকল্যান্ডের লয়েড এলসমোর হকি স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। ফলে ১-০ ব্যবধানে সিরিজ নিজেদের দখলে রাখে ভারত।

তিন ম্যাচের সিরিজে ভারত একটি জয় ও দুটি ড্র করেছে। গত ১৯ নভেম্বর প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে অভিযান শুরু করেছিল ভারত। এরপর ২১ ও ২২ নভেম্বর পরপর দুটি ম্যাচ ২-২ গোলে ড্র হয়।

সিরিজজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন ভারতীয় দলের অধিনায়ক সঞ্জয়। তিনটি ম্যাচেই গোল করে মোট তিনটি গোলের সাহায্যে দলের সর্বোচ্চ গোলদাতা হন তিনি।

সিরিজের শেষ ম্যাচে নবম মিনিটে ডিলান থমাসের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। তবে দ্রুত ঘুরে দাঁড়ায় ভারত। ১৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা ফেরান অধিনায়ক সঞ্জয়। এর ঠিক দু’মিনিট পর ফিল্ড গোল করে ভারতকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন কার্তি সেলভাম।

তবে শেষ কোয়ার্টারে ৫৫ মিনিটে বেনজি কালহানের গোলে সমতা ফেরায় নিউজিল্যান্ড। এরপর দুই দলই জয়সূচক গোলের চেষ্টা করলেও আর কোনও গোল হয়নি। ম্যাচটি ২-২ গোলে শেষ হওয়ায় সিরিজ জয় নিশ্চিত হয় ভারতের।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে ভারত ৩-২ গোলে নিউজিল্যান্ডকে পরাজিত করেছিল। ২৫ মিনিটে জন্টি এলমসের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। একই মিনিটে উত্তম সিং গোল করে সমতা ফেরান। এরপর ৩৮ মিনিটে শারদানন্দ তিওয়ারি এবং ৪৩ মিনিটে সঞ্জয় গোল করে ভারতের ব্যবধান ৩-১ করেন। ৫৫ মিনিটে স্যাম হিহা একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত জয় পায় ভারত।

দ্বিতীয় ম্যাচটিও ২-২ গোলে ড্র হয়েছিল। ভারতের হয়ে ৩৫ মিনিটে অঙ্গদ বীর সিং এবং ৫৭ মিনিটে সঞ্জয় গোল করেন। অন্যদিকে নিউজিল্যান্ডের হয়ে ডিলান থমাস ২৫ মিনিটে এবং স্যাম হিহা ৫৬ মিনিটে গোল করেন।

উল্লেখ্য, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ক্রীড়া সম্পর্কের ১০০ বছর পূর্তি উপলক্ষে এই সিরিজের আয়োজন করা হয়েছিল। ১৯২৬ সালে কিংবদন্তি মেজর ধ্যানচাঁদ-সহ ভারতীয় সেনাবাহিনীর একটি হকি দল প্রথমবার নিউজিল্যান্ড সফর করেছিল। সেই ঐতিহাসিক সফরের স্মরণেই এই বিশেষ সিরিজ অনুষ্ঠিত হয়।

–আইএএনএস

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker