বিষক্রিয়ার আশঙ্কায় সংকটজনক অবস্থায় হাসপাতালে বিজেপি বিধায়ক রেখা পাত্র

কলকাতা, ২২ নভেম্বর : খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কায় গুরুতর অসুস্থ হয়ে পড়লেন পশ্চিমবঙ্গের হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। রবিবার তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে।
বিজেপি নেত্রী অর্চনা দাস মজুমদার জানিয়েছেন, শনিবার রাত প্রায় ৯টা নাগাদ উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে নিজের বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র। প্রথমে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
সেখানে তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। কিন্তু চার ঘণ্টা চিকিৎসার পরও অবস্থার বিশেষ উন্নতি না হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বর্তমানে কলকাতার ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিজেপি বিধায়ক। অর্চনা দাস মজুমদার জানিয়েছেন, চিকিৎসকদের পর্যবেক্ষণে তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে। চিকিৎসক যুধাজিৎ সেনগুপ্তের তত্ত্বাবধানে ইনটেনসিভ ট্রিটমেন্ট ইউনিটে (আইটিইউ) তাঁর চিকিৎসা চলছে। তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। তাঁর শরীরে বিষক্রিয়ার প্রভাব রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
রবিবার সকালে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শরদ্বত মুখোপাধ্যায় হাসপাতালে গিয়ে রেখা পাত্রের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, এর আগে উত্তর ২৪ পরগনা জেলায় তৃণমূলের প্রভাবশালী নেতা শেখ শাহজাহান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে স্থানীয় মানুষের আন্দোলনে অন্যতম মুখ হয়ে উঠেছিলেন রেখা পাত্র। সেই আন্দোলনের পর ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তাঁকে বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী করে বিজেপি। যদিও সেই নির্বাচনে তিনি জয়ী হতে পারেননি। পরে চলতি বছরের এপ্রিল মাসে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক হন তিনি।



