আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম। এখন চারিদিকে বিয়ের সাজ সাজ রব। ঠিক তেমনই দেবলোকেও আজ বিয়ের আয়োজন! আজ ২১ নভেম্বর পালিত হচ্ছে তুলসী বিবাহ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই দিনেই দেবী তুলসীর সঙ্গে ভগবান বিষ্ণুর বিবাহ সম্পন্ন হয়েছিল। আর সেই বিয়ের অনুষ্ঠানে তুলসী মঞ্চ সাজাতে আখ বা ইক্ষুর ব্যবহারের রয়েছে বিশেষ তাৎপর্য। কিন্তু দেবী তুলসীর বিয়েতে আখ কেন ব্যবহার করা হয়? এর পিছনে লুকিয়ে রয়েছে ধর্মীয় বিশ্বাস ও প্রতীকী ব্যাখ্যা।
তুলসী বিবাহে আখের মণ্ডপ কেন তৈরি করা হয়?
তুলসী বিবাহের অন্যতম গুরুত্বপূর্ণ রীতি হল আখ দিয়ে মণ্ডপ তৈরি করা। সাধারণত তুলসী গাছের চারপাশে চারটি আখের ডাঁটা পুঁতে উপরে বেঁধে তৈরি করা হয় বিয়ের মণ্ডপ। এরপর ফুল, আমপাতা, লাল ওড়না এবং নানা অলংকারে সাজিয়ে তোলা হয় তুলসী গাছটিকে। অন্যদিকে, বর হিসেবে রাখা হয় ভগবান বিষ্ণুর শালগ্রাম শিলা অথবা কৃষ্ণের মূর্তি। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, আখ মিষ্টতা, সমৃদ্ধি, উর্বরতা ও প্রাচুর্যের প্রতীক। আখের স্বাভাবিক মিষ্টি স্বাদ দাম্পত্য জীবনের মধুর সম্পর্কের প্রতীক হিসেবেও বিবেচিত হয়। তাই তুলসী ও শালগ্রামের বিবাহে আখের মণ্ডপ তৈরি করে সংসারে সুখ, শান্তির প্রার্থনা করেন ভক্তরা। আখ ব্যবহারের সঙ্গে জড়িয়ে রয়েছে কৃষি ও প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাবনাও। এই সময় নতুন ফসলের একটি অংশ ঈশ্বরকে নিবেদন করার যে প্রচলিত রীতি রয়েছে, আখ নিবেদনও তারই অংশ বলে মনে করা হয়। এর মাধ্যমে প্রকৃতির আশীর্বাদ ও সংসারের সমৃদ্ধি কামনা করেন ভক্তরা।
আরও পড়ুন: চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?
তুলসী বিবাহের নেপথ্যে কোন পৌরাণিক কাহিনি?
হিন্দু পুরাণের প্রচলিত কাহিনি অনুযায়ী, তুলসীর পূর্বজন্মের নাম ছিল বৃন্দা। তিনি ছিলেন অসুররাজ জলন্ধরের স্ত্রী এবং অত্যন্ত বিষ্ণুভক্ত। বৃন্দার সতীত্বের শক্তির কারণেই জলন্ধরকে পরাজিত করা কঠিন হয়ে উঠেছিল। পরে ভগবান বিষ্ণুর লীলায় বৃন্দার সেই শক্তি নষ্ট হয়। স্বামীর মৃত্যুর পর বৃন্দা বিষ্ণুকে অভিশাপ দেন। সেই অভিশাপের সঙ্গে জড়িয়ে রয়েছে শালগ্রাম শিলার উৎপত্তির কাহিনি। পরে ভগবান বিষ্ণু বৃন্দাকে তুলসী রূপে পূজিত হওয়ার বর দেন এবং তাঁকে বিবাহ করার প্রতিশ্রুতি দেন। সেই বিশ্বাস থেকেই প্রতি বছর এই দিনে তুলসী ও শালগ্রামের বিবাহের আয়োজন করা হয়। ভক্তদের বিশ্বাস, নিষ্ঠাভরে তুলসী বিবাহ পালন করলে পরিবারে সুখ-সমৃদ্ধি আসে এবং দাম্পত্য জীবনে ভালবাসা ও সম্প্রীতি বজায় থাকে। যাঁদের বিয়েতে বাধা রয়েছে, তাঁরাও এই দিনে বিশেষ পুজো করেন।
The post আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন… appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.



