মাথার দাম কোটি টাকা, আমেরিকার পর কানাডায় ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকার শীর্ষে গোল্ডি ব্রার

গত সেপ্টেম্বর মাসে আমেরিকার ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় নাম উঠেছিল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য গ্যাংস্টার গোল্ডি ব্রার। এবার কুখ্যাত গ্যাংস্টারকে ‘মোস্ট ওয়ান্টেড’ ঘোষণা করল কানাডা সরকার। বৃহস্পতিবার জানানো হয়েছে, দেশটির ২৫ জন ‘মোস্ট ওয়ান্টে়ড’-এর তালিকার প্রথমেই রাখা হয়েছে গোল্ডির নাম। তাঁর মাথার দাম রাখা হয়েছে আড়াই লক্ষ কানাডিয়ান ডলার (ভারতীয় মুদ্রায় ১.৬৩ কোটি)।
বৃহস্পতিবার ‘বলো’ প্রোগ্রামে এই ঘোষণা করা হয়। ‘বোলো’ প্রোগ্রাম কানাডার একটি জননিরাপত্তা বিষয়ক উদ্যোগ। যা পলাতক অপরাধীদের খুঁজে বের করতে পুলিশ বাহিনীর সঙ্গে কাজ করে। তাদের ঘোষণায় বলা হয়েছে, কানাডা বা আমেরিকা যেখানেই হোক, ব্রারকে গ্রেপ্তারে সহায়তা করবে এমন তথ্যের জন্য দেড় কোটি টাকারও বেশি পুরস্কার দেওয়া হবে। ‘বোলো’ প্রোগ্রাম জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন এমন নির্ভরযোগ্য তথ্য প্রদান করে, যার মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থা অপরাধীকে খুঁজে বের করতে পারবে।
সিধু মুসেওয়ালা খুনের ঘটনার সংবাদমাধ্যমে সবচেয়ে বেশি চর্চায় উঠে আসে গোল্ডি ব্রার নাম। এই খুনের দায় স্বীকার করে গ্যাংস্টার গোল্ডি। যার পিতৃদত্ত নাম সতিন্দরজিৎ সিং। এই অভিযুক্তকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। জানা যায়, গোল্ডি পাঞ্জাবের বাসিন্দা। তাঁর বাবা ছিলেন একজন পুলিশকর্মী। গোল্ডির খুড়তুতো ভাইকে খুন করেছিল দুষ্কৃতীরা। এই হত্যার প্রতিশোধ নিতেই অপরাধ জগতে পা রাখে গোল্ডি। পরে লরেন্স বিষ্ণোইয়ের সংস্পর্শে এসে ভাইয়ের হত্যাকারী গুরলাল পালোয়ানকে খুন করে।
উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে মোস্ট ওয়ান্টেড অপরাধীদের তালিকা প্রকাশ করে মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই। সেখানে লেখা হয়, গোল্ডি ব্রারকে গ্রেপ্তারিতে সাহায্য করলে ১০ লক্ষ ডলার পুরস্কার দেওয়া হবে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১০ কোটি টাকা। এফবিআইএ-র মতে, সতিন্দরজিৎ সিং ওরফে গোল্ডি ব্রার দক্ষিণ ক্যালিফোর্নিয়া-সহ আমেরিকার একাধিক জায়গা ও কানাডায় হিংসাত্মক কার্যকলাপে জড়িত।
শেয়ার
লিংক



