0%

কলকাতা থেকে খানিক দূরেই সবুজে ঘেরা শান্ত পরিবেশ, ঝাঁকে ঝাঁকে আসছে পরিযায়ী পাখি, যাবেন নাকি? 

নভেম্বরের শেষবেলাতেও রাজ্যে কনকনে শীত অধরা। উলটে নিম্নচাপের জেরে ইতিউতি বৃষ্টি। তবে পরিযায়ী পাখিরা সময় মতোই হাজির নিজেদের পছন্দের স্থানে। আপনি পাখিপ্রেমী হলে কিংবা শহরের শব্দ আর দূষণ থেকে দু’দিনের ব্রেক চাইলে সঙ্গী হতে পারেন এই পরিযায়ীদের। কলকাতা থেকে মাত্র খানিকক্ষণের পথ। সবুজ ঘেরা এমন পরিবেশ চোখের ক্লান্তি দূর করবেই। সেখানে পাখিদের কলতানে পরিবেশ যেমন মুখরিত হয়, তেমন তা পুরাতাত্ত্বিক ঠিকানাও। 

 

নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে মন ভালো করা শান্ত জায়গাটির নাম! পূর্ব বর্ধমান (East Bardhaman) জেলার ‘চুপি’। কলকাতা থেকে মাত্র কয়েক ঘণ্টার পথ। চাইলে সকালে গিয়ে রাতে বাড়ি ফিরেও আসা যাবে। আবার এক-দু’রাত থেকেও যেতে পারেন। নাইট স্টে করার মতো সরকারি গেস্ট হাউসও মিলবে। বেসরকারি লজ বা হোটেল তো আছেই। পূর্ব বর্ধমানের কালনা শহর ও সংলগ্ন এলাকাতে উইক এন্ড টুরের সবরকম রসদ মজুদ। প্রাচীন মন্দির, মসজিদ, চৈতন্যদেবের স্মৃতিবিজড়িত স্থান, পরিযায়ী পাখিদের আনাগোনা, মানানসই জলাশয়, চুনোমাছের ঠিকানা। এর পাশাপাশি ছাড়ি গঙ্গায় সন্ধ্যারতি দর্শনেরও সুযোগ মিলতে পারে। হাওড়া থেকে ট্রেনে ঘণ্টা তিনেকের পথ কালনা। স্টেশনের নাম অবশ্য অম্বিকা-কালনা। সেখানে নেমে গাড়ি ভাড়া করে নিলেই হবে। আবার কালনা স্টেশনে না নেমে আরও আধঘণ্টা পর পূর্বস্থলী স্টেশনে নেমেও গাড়ি করে যাওয়া যায়।

Migratory Birds at Chupi in East Burdwan, West Bengal
মাছমুরাল। ছবি: প্রসেনজিৎ দত্ত

প্রথমে কালনা শহরের কথাই বলা যাক৷ সেখানে রয়েছে বর্ধমান রাজাদের তৈরি ১০৮ শিব মন্দির। জিউধারা মন্দির, সিদ্ধেশ্বরী মন্দিরের পাশাপাশি কিংবা দাতনকাঠি তলা মসজিদ ছাড়াও বেশ কিছু দেবালায় ছড়িয়ে রয়েছে শহরজুড়ে। পূর্বস্থলী ব্লকের শ্রীরামপুর এলাকায় রয়েছে বাঁশদহ বিল, চাঁদের বিল। যেখানে নানা ধরনের পাখির আনাগোনা। এখান থেকে যেতে হবে পূর্বস্থলীর চুপির পাখিরালয়ে। যেখান বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির দেখা মিলবে। ইতিমধ্যেই পৌঁছেও গিয়েছে পিয়ং হাঁস, রাঙামুড়ি, মাছমুরাল-সহ বিভিন্ন পরিযায়ী পাখি। ফেব্রুয়ারি পর্যন্ত রঙিন এসব পাখিদের লেন্সবন্দি করার সুযোগ পেয়ে যাবেন।

Chupi Bird Sanctuary, a Scenic Tourist Spot Near Kolkata
বেগুনি কালেম। ছবি: প্রসেনজিৎ দত্ত

 

চুপিসারে চুপি গেলেও চুপচাপ থাকার উপায় নেই। কারণ এখানে অজস্র রকমের পরিযায়ী পাখিরা ভিড় করে। পাশাপাশি খাবারের টানে পৌঁছে যায় দেশি পাখিরাও। পাখিদের সামনে থেকে দেখার জন্য রয়েছে নৌকা বিহারের ব্যবস্থা। তবে সাবধান, নৌকায় উঠে হইচই করবেন না, তাহলে বেড়ানোর আনন্দ মাটি হয়ে যেতে পারে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker