0%

২০২৪ সালের আন্দোলন সংক্রান্ত হত্যা মামলায় বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেফতার

 

 

ঢাকা, ১৯ নভেম্বর : ২০২৪ সালের জুলাই মাসের ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা মামলায় বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা আওয়ামী লীগের প্রবীণ নেতা নুরুল ইসলাম নাহিদকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানা গিয়েছে।

 

ঢাকার উত্তরা এলাকায় নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত আধিকারিক খালিদ মনসুর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। ওই বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন নাহিদ।

 

বাংলাদেশি সংবাদপত্র ‘প্রথম আলো’-কে পুলিশ আধিকারিক জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যার ঘটনায় নাহিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া আইনি বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে।

 

সিলেট-৬ আসনের প্রাক্তন সাংসদ নাহিদ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। ২০০৮ সালের সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি টানা ১০ বছর বাংলাদেশের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

 

এর একদিন আগে বাংলাদেশের আর এক প্রাক্তন মন্ত্রী, মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত সামরিক আধিকারিক নজরুল ইসলাম হিরুকেও গ্রেফতার করা হয়। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার সূত্রে ঢাকার বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাঁকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে বুধবার তাঁকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার হাতে তুলে দেওয়া হয়।

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার তথা গোয়েন্দা প্রধান শফিকুল ইসলাম জানিয়েছেন, হিরু বর্তমানে তাঁদের হেফাজতে রয়েছেন। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘বিডিনিউজ২৪’-এর প্রতিবেদন অনুযায়ী, নাশকতা ও হিংসার অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে।

 

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হিরু নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা চারবার নরসিংদী-১ আসন থেকে সাংসদ নির্বাচিত হন তিনি। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত শেখ হাসিনার মন্ত্রিসভায় জলসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্বও সামলেছেন।

 

উল্লেখ্য, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান শুরু হয়েছিল। বর্তমানে বাংলাদেশে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র আমলেও সেই অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker