0%

আকভানের প্রভাবে আজ জেলায় জেলায় দুর্যোগ! কতদিন চলবে? আবহাওয়ার আপডেট

SOBDIK NEWS: রাজ্য জুড়ে হালকা শীতের আমেজের মধ্যেই ধেয়ে এসেছে ঘূর্ণিঝড় আকভান (Cyclone Akvan)। ইতিমধ্যেই এটি শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নিয়েছে। এর প্রভাব পড়েছে রাজ্যের আবহাওয়াতেও। বৃহস্পতিবার ভোর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। আগামী কয়েকদিন এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আইএমডি।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | (South Bengal Weather)

আইএমডির আপডেট অনুযায়ী, গত ৬ ঘণ্টায় ৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে উত্তর দিকে অগ্রসর হয়েছে আকভান। শুক্রবার ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করতে পারে। নারসাপুর থেকে পুরীর মাঝামাঝি কোনও উপকূলবর্তী অঞ্চলে এটির আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে এখন থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আকভানের প্রভাব টের পাওয়া যাচ্ছে। আজ ভোর থেকেই জেলায় জেলায় আকাশ মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিও বাড়তে পারে।

আরও পড়ুনঃ আরও ৩% DA বৃদ্ধি রাজ্যে, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল।

হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে শনিবার অবধি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। শনিবার অবধি দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বজ্রপাত ও দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | (North Bengal Weather)

আকভানের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি শুরু হলেও উত্তরবঙ্গে এই ঘূর্ণিঝড়ের তেমন প্রভাব পড়বে না। তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি হতে পারে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারেও বিক্ষিপ্তভাবে বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্কই থাকবে।

রাজ্যে শীতের এন্ট্রির সময়েই ধেয়ে এসেছে ঘূর্ণিঝড় আকভান। উত্তরবঙ্গের আবহাওয়ায় এর বিশেষ প্রভাব না পড়লেও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় অল্পবিস্তর বৃষ্টি শুরু হয়েছে। রবিবার থেকে ফের আবহাওয়ার উন্নতি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker