0%

বিশ্বজয়ী অধিনায়কের ৫৯ বলে ১২৫ রান সত্ত্বেও হার দিল্লির, অবিশ্বাস্য জয় বৈভবহীন বিহারের

একদিকে যশ ধুলের ব্যাটে ‘সুপার সাইক্লোন’। অন্যদিকে, বিহারের অবিশ্বাস্য কামব্যাক। শেষ পর্যন্ত প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়কের সেঞ্চুরিও বাঁচাতে পারল না দিল্লিকে। বুধবার সৈয়দ মুস্তাক আলি ট্রফির এলিট গ্রুপ বি-র ম্যাচে দিল্লিকে ২ উইকেটে হারাল বৈভব সূর্যবংশীহীন বিহার। ২২৫ রানের লক্ষ্য তাড়া করে ম্যাচের শেষ ওভারের আগের বলে জয় তুলে নিল তারা।

ইন্দোরের ডেলি কলেজ মাঠে টসের পর প্রথমে ব্যাট করতে নেমেছিল দিল্লি। অধিনায়ক প্রিয়াংশ আর্য মাত্র ২ বলে শূন্য রানে ফিরে যান। তিন নম্বরে ব্যাট করতে নেমে দলের হাল ধরেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক যশ ধুল। ৫৯ বলে ১২৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংস সাজানো ১৬টি চার ও ৭টি ছক্কায়। তেজস্বী দাহিয়ার সঙ্গে চতুর্থ উইকেটে ধুলের জুটিতে ওঠে ৪৭ বলে ১২৬ রান। দাহিয়া করেন ২৫ বলে ৫১ রান। তাঁর ইনিংসে ছিল ৪টি চার ও ৪টি ছক্কা। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৪ রান তোলে দিল্লি।

বৈভব ছিল না এদিন। তাই পাহাড়প্রমাণ রান টপকানো যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল প্রথম ম্যাচে হেরে যাওয়া বিহারের কাছে। তবে শুরু থেকেই পালটা আক্রমণ শুরু করে বিহার। বৈভবের অনুপস্থিতিতে ওপেন করতে নেমেছিলেন আয়ুষ লোহাড়ুকা ও আশিস কুমার। ২২ বলে ৫০ রান করে দিল্লির বোলারদের চাপে ফেলে দেন লোহাড়ুকা। বিপিন সৌরভের সঙ্গে দ্বিতীয় উইকেটে মাত্র ৩৫ বলে ১০৩ রান যোগ করেন তিনি। বিপিনও কম যাননি। মাত্র ১৯ বলে ৪৯ রান করেন।

একটা সময় ৭.২ ওভারে ১ উইকেটে ১১৭ রান তুলে ফেলেছিল বিহার। সেখান থেকে ১৩.২ ওভারে ১৬১ রানে ৬ উইকেট পড়ে যায় তাদের। মনে হচ্ছিল, ম্যাচের রাশ আবার দিল্লির হাতে। কিন্তু শেষ দিকে লড়াই চালিয়ে যান বিহারের ব্যাটারেরা। নবম উইকেটে প্রশান্ত সিংহ (৮ বলে ১৩) ও ময়ঙ্ক কুমার (১৩ বলে ২৪) মাত্র ২০ বলে ৩৮ রান যোগ করেন। তাঁদের দাপটেই ১৯.৫ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় বিহার। এদিন দিল্লির অধিনায়কত্ব করেন প্রিয়াংশ। অন্যদিকে, বৈভব দলে ছিল না কারণ এশিয়া কাপ রাইজিং স্টার্স খেলতে কাতারে গিয়েছে ১৫ বছরের বিস্ময় প্রতিভা। তাকে ছাড়াই দিল্লির বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিল বিহার।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker