সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

নিজস্ব প্রতিনিধিঃ সকালের চায়ের কাপে সাদা চিনির পরিবর্তে ব্রাউন সুগার বা বাদামি চিনি মেশানোকে অনেকেই স্বাস্থ্যকর অভ্যাস বলে মনে করেন। কিন্তু রঙ এবং স্বাদে কিছুটা পরিবর্তন এলেও, এই দুই ধরনের চিনির মধ্যে পুষ্টিগত পার্থক্য খুবই সামান্য। সাদা এবং ব্রাউন উভয় চিনিই মূলত ‘সুক্রোজ’ দিয়ে তৈরি, যা হজমের সময় গ্লুকোজ এবং ফ্রুক্টোজে ভেঙে যায়। এই দুটির মধ্যে প্রধান পার্থক্য হলো, ব্রাউন সুগারে ‘মোলাসেস’ নামক একটি গাঢ় সিরাপ থাকে, যা চিনিকে বাদামি রঙ ও ক্যারামেলের মতো স্বাদ দেয়।
রক্তে শর্করার মাত্রায় কেমন প্রভাব ফেলে?
বিশেষজ্ঞদের মতে, সাদা চিনির জিআই মান প্রায় ৬৫ এবং ব্রাউন সুগারের জিআই মানও প্রায় একই রকম। অর্থাৎ, চিনির রঙ গাঢ় হলেই তা রক্তে শর্করার জন্য নিরাপদ হয়ে যায় না। চিনি সাদা হোক বা বাদামি, আপনি ঠিক কতটা পরিমাণে খাচ্ছেন সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পুষ্টিবিদদের মতে, সারাদিনে চা বা কফিতে মাত্র দুই-তিন চামচ চিনি খেলেও,প্যাকেটজাত খাবার, মিষ্টি খাবারের মাধ্যমে অজান্তেই প্রচুর পরিমাণে চিনি আমাদের শরীরে প্রবেশ করে। নিয়মিত এই অতিরিক্ত চিনির ফলে শরীরে বাড়তি ক্যালোরি জমা হয় এবং ফ্যাটি লিভার ও টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। কেবল সাদা চিনির বদলে ব্রাউন সুগার ব্যবহার করলে এই ঝুঁকি কমানো সম্ভব নয়।
চিনির অন্যান্য বিকল্প কতটা নিরাপদ?
সাধারণ চিনির স্বাস্থ্যকর বিকল্প হিসেবে অনেকেই গুড়, খাঁটি মধু, কোকোনাট সুগার ব্যবহার করেন। এগুলোতে সামান্য খনিজ বা উদ্ভিজ্জ উপাদান থাকলেও, এগুলোও শরীরের মোট শর্করার পরিমাণ বাড়ায়। তবে মধু এবং কোকোনাট সুগারের জিআই মান ৫৪ থেকে ৫৮-এর মধ্যে থাকে থাকায় তাৎক্ষণিকভাবে রক্তে শর্করা কিছুটা কম বাড়তে পারে। একারণে ‘প্রাকৃতিক’ উপাদান মানেই তা ইচ্ছেমতো খাওয়া যাবে এই ধারণা সম্পূর্ণ ভুল।
The post সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.



