0%

ফিরছেন বুমরাহ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের ‘প্ল্যান’ জানালেন গিল, সুযোগ পাবেন পন্থ?

১৯ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু ভারতের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশাভরসা বাঁচিয়ে রাখতে হলে এই সিরিজ জিততেই হবে শুভমান গিলদের। কিউয়ি-ভূমে ভারতের টেস্ট পারফরম্যান্স খুব একটা আশাজনক নয়। তবে টিম ইন্ডিয়া কিছুটা সুবিধা পাবে, নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার চোটে ছিটকে যাওয়ায়। কিন্তু ভারত কীরকম দল নামাবে? কেমন হবে প্রথম একাদশ? প্রথম টেস্টের আগে তার ইঙ্গিত দিয়ে রাখলেন অধিনায়ক গিল।

টেস্ট সিরিজে ফিরছেন জশপ্রীত বুমরাহ। যা স্বস্তি দেবে ভারত অধিনায়ককে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে গিল জানিয়ে রাখলেন, “আমরা চার পেসার নিয়ে খেলব। আমাদের সব পেসাররা ভালো খেলছে। সেটা আমাদের জন্য মাথাব্যথা তো বটেই, তবে সেটা ভালোই। ওয়ানডে সিরিজে পেসাররা ভালো খেলেছে। তবে শেষ পর্যন্ত আমাদের কম্বিনেশন কী হবে, তা এখনও ঠিক হয়নি।” ওয়ানডে সিরিজে গুর্নুর ব্রার, অংশুল কাম্বোজরা ভালো পারফর্ম করেছেন।

প্রথম টেস্টে চার পেসারের মধ্যে থাকতে পারেন জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, আকাশ দীপ ও প্রসিদ্ধ কৃষ্ণ। আবার শেষ দু’জনের বদলে গুর্নুরকেও খেলাতে পারেন কোচ গৌতম গম্ভীর। কিন্তু ব্যাটিং লাইনআপ কী হবে? গিল জানিয়ে দিলেন, “আমাদের হাতে সাতজন ব্যাটার আছে। আট ও নয় নম্বরে অংশুল ও আকাশকে খেলাতে পারি। দু’জনেই কমবেশি ব্যাট করতে পারে। নীতীশও ব্যাট করে। বল পুরনো হলে কী হবে, সেটাও আমাদের ভাবতে হবে। তাছাড়া মনে হচ্ছে, তৃতীয় দিন থেকে পিচ ফ্ল্যাট হয়ে যাবে। তাই এমন কাউকে দরকার যে পিচে বল ফেলে বাউন্স পায়।” ঋষভ পন্থের ফিটনেস নিয়ে সামান্য দুশ্চিন্তা থাকলেও গিল জানিয়েছেন যে তিনি খেলবেন।

এর মধ্যে দুঃসংবাদ নিউজিল্যান্ডের জন্য। চোটের জন্য ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার মিচেল স্যান্টনার। ওয়ানডে সিরিজে হাতে চোট পেয়েছিলেন, যে কারণে গোটা সিরিজেই খেলতে পারবেন না তিনি।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker