0%

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

নিজস্ব প্রতিনিধি: একটা হেলিকপ্টার শট, শেষ ওভারে অবিশ্বাস্য ম্যাচ জেতানোর ক্ষমতা আর মাঠের মধ্যে সেই পরিচিত শান্ত মুখ মহেন্দ্র সিং ধোনি মানেই যেন কোটি ক্রিকেটপ্রেমীর আবেগ। চেন্নাইয়ের গ্যালারিতে ‘থালা, থালা’ চিৎকার, হলুদ জার্সিতে তাঁর মাঠে নামার অপেক্ষা, সবই এবার অতীতের স্মৃতি হতে চলেছে। ক্রিকেটপ্রেমীদের দীর্ঘদিনের আশঙ্কাই সত্যি হয়েছে আইপিএলে ক্রিকেটার হিসেবে নিজের অধ্যায়ে ইতি টেনেছেন মহেন্দ্র সিং ধোনি। তবে চেন্নাই সুপার কিংসের সঙ্গে তাঁর সম্পর্ক শেষ হচ্ছে না। নতুন ভূমিকায় দলের সঙ্গেই থাকবেন তিনি। ধোনির এই সিদ্ধান্তে আবেগপ্রবণ হয়ে পড়েছে গোটা ক্রিকেটমহল। সমাজমাধ্যম ভরে গিয়েছে নানা মন্তব্যে। অনেকেই বলেছেন ধোনি নেই আর আইপিএল দেখার কোনও অর্থ হয় না।

২০২৭ সালের আইপিএল শুরুর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) বড় ঘোষণা করল চেন্নাই সুপার কিংস (CSK)। ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে, ক্রিকেটার হিসেবে আর আইপিএলে খেলবেন না মহেন্দ্র সিং ধোনি। আগামী মরশুম থেকে তাঁকে দলের মেন্টর হিসেবে দেখা যাবে। অর্থাৎ, ব্যাট হাতে মাঠে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার বদলে এবার ডাগআউট থেকে তরুণ ক্রিকেটারদের পথ দেখাবেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ২০০৮ সালে আইপিএলের প্রথম মরশুম থেকেই চেন্নাই সুপার কিংসের সঙ্গে যুক্ত ধোনি। মাঝে ২০১৬ ও ২০১৭ সালে চেন্নাইয়ের নির্বাসনের কারণে রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে খেলেছিলেন তিনি। কিন্তু চেন্নাইয়ে তাঁর প্রত্যাবর্তনের পর আবারও হলুদ জার্সির সঙ্গে জড়িয়ে যায় তাঁর পরিচয়। ধোনির নেতৃত্বেই পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে সিএসকে। পাশাপাশি জিতেছে দুটি চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ট্রফি।

ধোনির অবসের পরেই লাকি শর্মা নামে এক ব্যক্তি এক্স-এ লিখেছেন, ‘কিছু বিদায় এতটাই বেদনাদায়ক যে তা কল্পনাও করা যায় না। সবকিছুর জন্য ধন্যবাদ, এমএস ধোনি।’


আরও একজন লিখেছেন, ‘একটি যুগের অবসান। মাঠের সেই স্থিরতা এবং একেবারে শেষ বল পর্যন্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা… মাহি ভাই, আপনাকে ছাড়া ক্রিকেটের জাদুটা অসম্পূর্ণ মনে হবে। একটি স্মরণীয় যুগকে বিদায় এবং অসংখ্য সোনালী স্মৃতির জন্য আন্তরিক ধন্যবাদ, ক্যাপ্টেন কুল এমএস ধোনি  আপনার কাছেও কি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অসম্পূর্ণ মনে হবে?’


 

অনেকেই ধোনির অবসরের সিদ্ধান্তকে ‘End of an Era’ বলে উল্লেখ করেছেন। তাঁদের মতে, আইপিএলের ইতিহাসে ধোনির মতো ক্রিকেটারের জায়গা কখনও পূরণ হওয়ার নয়।  

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker