প্লাস্টিক দিলেই পাওয়া যাবে চিকেন ফ্রাই, পিৎজা! অভিনব উদ্যোগের ঘোষণা অগ্নিমিত্রার

SOBDIK NEWS: প্লাস্টিক দিলেই পাওয়া যাবে চিকেন ফ্রাই, পিৎজার মতো সুস্বাদু খাবার থেকে কাপড়ের ব্যাগ। এবার এমনই অভিনব উদ্যোগের ঘোষণা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। রাজ্যের নগরোন্নয়ন দফতরের অধীন সুডার (SUDA) মাধ্যমে রাজ্য জুড়ে বিশেষ ভেন্ডিং মেশিন বসানোর পরিকল্পনা করা হয়েছে বলে জানান তিনি।
প্লাস্টিক দিলেই চিকেন ফ্রাই, পিৎজা, ঘোষণা অগ্নিমিত্রার | (Agnimitra Paul)
রবিবার ছটপুজোর ঘাট হিসেবে আসানসোলের ছিন্নমস্তা ঘাটের সংস্কার ও পরিবেশ রক্ষা সহ এলাকার সামগ্রিক উন্নয়নে বেশ কিছু পরিকল্পনার কথা জানান রাজ্যের পুরমন্ত্রী। তিনি বলেন, স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি তথা সুডার মাধ্যমে সারা রাজ্যে বিশেষ ধরণের ভেন্ডিং মেশিন বসানোর পরিকল্পনা করা হয়েছে।
অগ্নিমিত্রা জানান, এই ভেন্ডিং মেশিনগুলিতে প্লাস্টিকের বোতল বা টাকা দিলে কাপড়ের ব্যাগ পাওয়া যাবে। পাশাপাশি ছোটরা প্লাস্টিক বর্জ্য জমা করলে চিকেন ফ্রাই বা পিৎজা দেওয়া ও পুরনো পোশাক রিসাইকেল করে নতুন জিনিসপত্র তৈরির জন্য দু’টি কেন্দ্র তৈরির পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুনঃ কলকাতার আসন পুনর্বিন্যাস মামলায় নয়া মোড়! সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল অভিষেকের
রাজ্যের পুরমন্ত্রী বলেন, দুঃস্থ মানুষদের দুপুরে ভালো খাবার দেওয়া ও ব্যক্তিগত মালিকানাধীন পুকুরও এনওসি পাওয়া গেলে উন্নয়নে আওতায় নিয়ে আসা হবে। এছাড়া ছটপুজোর দিনও বেশ কিছু উল্লেখযোগ্য ঘোষণা করেছেন তিনি।
অগ্নিমিত্রা বলেন, আসানসোলের ঘাটগুলিতে সপ্তাহে একদিন করে আরতির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ঘাটগুলি নিয়ে আরও বেশ কিছু পরিকল্পনা জানান তিনি। মন্ত্রী বলেন, “রাস্তা বানানো হচ্ছে। ছোট ছোট আলো দেওয়া হচ্ছে। গাছে পাখিদের খাবারদাবার দেওয়া, সকাল ও সন্ধ্যাবেলা হালকা সানাইয়ের আওয়াজ চলবে।“
পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, সকাল ও সন্ধ্যায় সানাই বাজানোর জন্য একজন লোককে রাখা হবে। এর ফলে ওই সময় এই ঘাটগুলিতে যারা হাঁটতে আসবেন, তাঁরা সানাইয়ের আওয়াজ শুনে মনোরম পরিবেশে শরীরচর্চা করতে পারবেন।



