0%

মঙ্গলবার মহারণ, সাফ ফাইনালে পাকিস্তান-বধ নিয়ে আত্মবিশ্বাসী নৌশাদ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ফিফা ফ্রেন্ডলি ম্যাচ হয়ে গিয়েছে, চাইলেই সিনিয়র দল থেকে ফুটবলারদের উড়িয়ে এনে সাফের ফাইনালে খেলাতেই পারত ভারত। কিন্তু এত দূরত্বের ব্যবধানের জন্যই চব্বিশ ঘণ্টা আগে ফুটবলারদের উড়িয়ে আনতে চাইছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ফাইনালে সিনিয়র দলের কোনও ফুটবলারকেও চাননি সাফের দলের দায়িত্বে থাকা ভারতীয় কোচ নৌশাদ মুসাও। 

মুসা মুখে কিছু না বললেও অন্য আরেকটি বিষয় নিয়ে প্রশ্ন উঠছে, বিজয় ভার্গিস, মহম্মদ সুহেলদের যখন খুব বেশি সময়ের জন্য ব্যবহারই করলেন না খালিদ জামিল। তাহলে সাফের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দারুণ খেলা বিজয় ও সুহেলকে কেন নিউজিল্যান্ড উড়িয়ে নিয়ে যাওয়া হল? বরং সাফের দলটির সঙ্গে সেট হয়ে গিয়েছিলেন বিজয়রা। এই দুই নামের সঙ্গে রয়েছে লিস্টন কোলাসোর নামও। ক্রাইস্টচার্চ স্টেডিয়ামে এই তিন ফুটবলারকেই প্রথম একাদশে রাখেননি খালিদ।

লিস্টনকে আবার প্রথমে সাফের দলে যোগ দিতে বলার পর সেখান থেকে নিউজিল্যান্ডে নিয়ে গিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বরং এই দলে লিস্টনরা থাকলে মঙ্গলবার ফাইনালে আবার পাকিস্তানের বিরুদ্ধে দলগত শক্তি আরও বৃদ্ধি পেত। এর আগে সাফের ফাইনালে কখনও ওঠেনি পাকিস্তান। সেখানে ভারত সাফের সবথেকে সফল দল। যদিও এই তিন ফুটবলার না থাকলেও পাকিস্তানকে আগের ম্যাচের মতোই হারানো সম্ভব মনে করছেন নৌশাদ মুসা। সেমিফাইনালের ধকল কাটাতেই রবিবার ফুটবলারদের বিশ্রাম দিয়েছিলেন ভারতের কোচ। সোমবার ফাইনালের প্রস্তুতিতে নামবেন সুহেল ভাটরা। ক্লান্তি কাটাতে ভারতের ফুটবলাররা হোটেলে আইস বাথ নেন।

সাফ চ্যাম্পিয়নশিপে আসার আগেও খুব একটা প্রস্তুতির সুযোগ ছিল না নৌশাদ মুসার সামনে। দু’দিনের প্রস্তুতিতে চলে আসতে হয়েছে ঢাকায়। এমন কঠিন পরিস্থিতির মধ্যেই দলকে অপ্রতিরোধ্য করে তুলেছেন ভারতীয় কোচ। নৌশাদ মুসা বলেন, “ফাইনালে পাকিস্তানকে হারাতে কোনও অসুবিধা হবে না। আশা করব ফাইনালেও ধারাবাহিকতা বজায় রাখতে পারবে।”

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker