কলকাতা এসে মেঝেয় বসে মানিকদার মাটন-রুটি খেলেন সূর্যকুমার, সঙ্গী সরফরাজ, ব্যাপারটা কী!

ক্রিকেট মাঠে তিনি ব্যাট হাতে ঝড় তোলেন। ক্রিকেট বিশেষজ্ঞরা তাঁকে একবাক্যে আধুনিক ক্রিকেটের মিস্টার ৩৬০ ডিগ্রি বলে মেনে নিয়েছেন। অথচ মাঠের বাইরে সেই তারকাসুলভ আড়ম্বরের লেশমাত্র নেই। মুম্বইয়ের জার্সি গায়ে মেঝেতে বসে সতীর্থ সরফরাজ খানের সঙ্গে জমিয়ে খাওয়াদাওয়া করছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তাও আবার খাস কলকাতায়। সামনে হাতে তৈরি রুটি আর মাটন কারি। খাওয়ার ফাঁকে চলছে খাসগল্প, হাসি-ঠাট্টা, খুনসুটিও। এই ভিডিওই এখন ভাইরাল।
শনিবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হায়দরাবাদের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলেছেন সূর্য। মাত্র ২১ বলে অপরাজিত ৬০ রান করে মুম্বইকে ম্যাচ জিতিয়েছেন। সেই ইনিংসের রেশ কাটতে না কাটতেই মাঠের বাইরের ঘরোয়া মেজাজে ধরা দিলেন স্কাই। কী দেখা গিয়েছে ভিডিওয়? কোনও পাঁচতারা হোটেলের বিলাসবহুল পরিবেশ নয়, বরং সাধারণ এক রান্নাঘরের মেঝেতে বসেই খাবার খাচ্ছেন সূর্যকুমার। তাঁর সঙ্গী সরফরাজ। পাশে রয়েছেন দলের আরও কয়েকজন ক্রিকেটার।
হ্যাঁ ঠিকই শুনছেন। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে মানিক প্রধানের তৈরি মাটন কারি ও রুটি খেয়ে আপ্লুত বিশ্বজয়ী অধিনায়ক। খাবার সময় মানিক প্রধানকে ‘মানিকদা’ ও ‘মানিক ভাই’ বলে সম্বোধন করতে শোনা যায় সূর্যকুমারকে। স্বাদ এতটাই ভালো লেগেছিল যে, ‘খুব ভালো’ বলে প্রশংসাও করেন। জানান, এর স্বাদ একদম বাড়ির খাবারের মতো। সরফরাজের মুখেও খাবারের প্রশংসা। তাঁকে বলতে শোনা যায়, “ইতনা আচ্ছা খানা বনা হ্যায় কি বাত করনে কা মন হি নেহি কর রহা হ্যায়, সির্ফ খানে কা মন কর রহা হ্যায়।” অর্থাৎ, খাবার এতটাই সুস্বাদু যে কথা বলার ইচ্ছা হচ্ছে না, শুধু খেয়ে যেতে মন চাইছে।
World Cup winning captain BTW 🥹🫠 https://t.co/TOCO49as2Q
— Shivam (@Shiva_13kumar) November 14, 2026
যেভাবে সাদামাটা ‘অবতারে’ তাঁরা ধরা দিয়েছেন, তা দেখে নেটিজেনরা মুগ্ধ। আন্তর্জাতিক ক্রিকেটের পরিচিত মুখ হয়েও কতটা সহজ-সরল থাকতে পারেন ক্রিকেটারেরা, সেটাই যেন দেখিয়ে দিলেন সূর্য ও সরফরাজ। তাঁদের পোশাকে মুম্বইয়ের জার্সি, কিন্তু আচরণে তারকাসুলভ কোনও দূরত্ব নেই। বরং মেঝেতে বসে তাঁদের রুটি-মাটনে মজে উঠতে দেখে আহ্লাদিত নেট নাগরিকরা। যদিও সূর্যকুমার বা সরফরাজ, কেউই নিজেদের অ্যাকাউন্টে সেই ভিডিও পোস্ট করেননি।
ফেব্রুয়ারিতে নিজের দ্বিতীয় বিশ্বজয়ের পর আর ভারতের জার্সিতে খেলা হয়নি সূর্যর। বলা ভালো, জাতীয় দলের যাবতীয় আলোচনা থেকে তাঁকে স্রেফ মুছে ফেলা হয়েছে। কিন্তু এই সূর্য যে সহজে ‘অস্ত’ যাওয়ার মানুষ নন। তাই নতুন করে জাতীয় দলে জায়গা করে নেওয়ার লক্ষ্যে নেমে পড়েছেন। ঘরোয়া টি-টোয়েন্টিতে মুম্বইয়ের অধিনায়কত্ব করছেন। ম্যাচের সেরা হয়ে প্রত্যাবর্তনের কথাই শুনিয়েছেন সূর্য, “জাতীয় দলে ডাক পাওয়ার আগে আমি যেমন ছিলাম, এখন আবার তেমন হয়েছি। ভারতীয় ড্রেসিংরুমে ফেরার লক্ষ্য নিয়ে ঘরোয়া ক্রিকেটে খেলছি। আর জাতীয় দলে ফিরতে হলে আবার দরজা ভাঙতে হবে!” তবে এসবের মাঝে ‘মাটির মানুষ’ সূর্যকুমারে মজে নেটিজেনরা।
শেয়ার
লিংক



