‘ধুরন্ধর’দের আতঙ্কে ‘কাঁটা’! ভারতকে রক্তাক্ত করা হাফিজ-মাসুদ আজহারদের গোপন আস্তানায় সরাল পাক সেনা

পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার প্রধান হাফিজ সইদ এবং জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহার। ভারতকে একাধিকবার রক্তাক্ত করেছে এই দুই জঙ্গি নেতা। কিন্তু তারাই এবার প্রাণনাশের ভয়ে সিঁটিয়ে। তাই দুই কুখ্যাত সন্ত্রাসবাদীকে এবার গোপন আস্তানায় সরিয়ে নিলে গিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। সূত্র মারফত এমনটাই খবর।
জানা গিয়েছে, লস্কর প্রধান হাফিজকে লাহোরের জোহর টাউন থেকে সরিয়ে রাওয়ালপিন্ডির গ্যারিসন গ্রাউন্ড এলাকায় নিয়ে হয়েছে, যা পাক সেনাবাহিনীর সদর দপ্তরের খুব কাছে। অন্যদিকে, জইশ প্রধান মাসুদকে সিন্ধু প্রদেশের নবাবশাহের একটি গোপন ঠিকানায় রাখা হয়েছে। সূত্রের খবর, এই দু’টি ঘাঁটিই পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পরিচালিত। আস্তানাগুলি এতটাই সুরক্ষিত যে সেখানে একটি মাছিও গলতে পারে না।
কিন্তু কেন তাদের গোপন ঠিকানায় সরিয়ে নিয়ে যাওয়া হল? কে বা কারা তাদের হত্যা করতে চায়? আসলে সম্প্রতি পাকিস্তানজুড়ে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের হামলায় প্রাণ হারিয়েছে বহু সন্ত্রাসবাদী। নিহত হয়েছে ৩০ জনেরও বেশি লস্কর জঙ্গি। রিজওয়ান হানিফ নামে এক লস্কর জঙ্গির একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সেখানে সে দাবি করেছে, গত তিন থেকে চার বছরে মধ্যে তাদের সংগঠনের অসংখ্য সদস্যের ‘রহস্যমৃত্যু’ হয়েছে। কিন্তু বেছে বেছে এই ভারতবিরোধীদের হত্যা করছে কোন ‘ধুরন্ধর’? তা এখনও জানা যায়নি।
জানা যাচ্ছে, পরিস্থিতি এতটাই সংবেদনশীল যে লস্কর নেতাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ বন্ধ করে দিয়েছে হাফিজ। এখন কেবল অডিও বার্তার মাধ্যমেই কথোপকথন করেন তিনি। সূত্রের খবর, হাফিজের নিরাপত্তা জোরদার করেছে পাক সেনা। এমনকী তার গতিবিধির উপরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এদিকে পাক সরকারের দাবি, হাফিজ লাহোরের কোট লাখপত জেলে সাজা ভোগ করছেন। তবে গোয়েন্দা সংস্থাগুলির মতে, গোটাটাই মিথ্যা। হাফিজ আসলে নিরাপদ আশ্রয়ে আরামে জীবন কাটাচ্ছে।
অন্যদিকে, জইশ প্রধান মাসুদও তার সংগঠনের সদস্যদের সঙ্গে সরাসরি যোগাযোগ এড়িয়ে চলছেন বলে খবর। তিনি কেবল নির্দিষ্ট কয়েকজন শীর্ষ কমান্ডারের সঙ্গেই যোগাযোগে রয়েছেন। উল্লেখ্য, ২৬/১১-র মুম্বই হামলার মূলচক্রী ছিল হাফিজ। অন্যদিকে, পুলওয়ামা, পাঠানকোটের মতো সন্ত্রাসী হামলার সঙ্গে যোগ রয়েছে মাসুদের।
শেয়ার
লিংক



