কেরিয়ার না মাতৃত্ব, কোনটিকে আগে গুরুত্ব দেবেন মহিলারা? প্রজননক্ষমতা নিয়ে বিশেষ পরামর্শ উপাসনার!

৭৭ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকারী, তবু বিলাসবহুল জীবনযাপনে নিজেকে সীমাবদ্ধ রাখেননি উপাসনা কোনিদেলা (Upasana Konidela)। বরং পারিবারিক ব্যবসার হাল ধরার পাশাপাশি নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি। অভিনেতা রামচরণের স্ত্রী তথা অ্যাপোলো হাসপাতালের চেয়ারম্যান প্রতাপ সি রেড্ডির নাতনি সম্প্রতি জানালেন, কীভাবে দাদুর একটি পরামর্শ বদলে দিয়েছিল তাঁর জীবনের দিশা। শুধু তাই নয়, মহিলাদের প্রজননক্ষমতা নিয়েও এমন মন্তব্য করেছেন উপাসনা, যা নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা।
সম্প্রতি অন্ধ্রপ্রদেশের একটি অনুষ্ঠানে রাজ্যের মানবসম্পদ উন্নয়নমন্ত্রী নারা লোকেশের সঙ্গে কথোপকথনে নিজের জীবনের এই অজানা অধ্যায় তুলে ধরেন উপাসনা। তিনি জানান, পারিবারিক ব্যবসায় যোগ দেওয়ার পিছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা তাঁর দাদু প্রতাপ সি রেড্ডি। উপাসনার কথায়, দাদু তাঁকে স্পষ্ট জানিয়েছিলেন, এই পরিবারে জন্ম ও বিয়ের সূত্রে যে সুযোগ এবং দায়িত্ব পেয়েছেন, তার যথাযথ ব্যবহার করা উচিত। বাড়িতে বসে সময় কাটানোর জন্য এই সুযোগ আসেনি। বরং মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতেই তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। দাদুর সেই কথাই গভীরভাবে নাড়া দিয়েছিল উপাসনাকে। এরপর থেকেই প্রতিদিন নিষ্ঠার সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেন তিনি।
এর আগে এক সাক্ষাৎকারে উপাসনা জানিয়েছিলেন, সম্পত্তি নিয়ে যাতে পরিবারের সদস্যদের মধ্যে কোনও বিবাদ না হয়, তার জন্য তাঁদের একটি লিখিত ‘ফ্যামিলি কনস্টিটিউশন’ রয়েছে। এই নিয়মাবলি তৈরি করেছিলেন তাঁর দাদু।
আরও পড়ুন: রাজীবের সঙ্গে বন্ধুত্বের টানেই সোনিয়ার পাশে অমিতাভ, বচ্চন পরিবারের সঙ্গে সম্পর্কের কোন অজানা কথা জানালেন সোনিয়া?
অন্যদিকে, একই অনুষ্ঠানে মহিলাদের প্রজননস্বাস্থ্য নিয়েও নিজের মতামত জানান উপাসনা। তাঁর পরামর্শ, কলেজের পড়াশোনা শেষ হওয়ার পরই মহিলাদের নিজেদের প্রজননক্ষমতা পরীক্ষা করানো উচিত। তাঁর মতে, এই পরীক্ষা ভবিষ্যতে কেরিয়ার ও মাতৃত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখার বিষয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। বর্তমান জীবনযাত্রায় গর্ভধারণ আগের তুলনায় সহজ নয় বলেও মন্তব্য করেন তিনি। তাই পরিস্থিতি বুঝে আগাম পরিকল্পনা করা প্রয়োজন।
আরও পড়ুন: আজও দর্শকের মনে অমলিন জুহি চাওলা, জন্মদিনে ফিরে দেখা অভিনেত্রীর কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবনের গল্প
প্রসঙ্গত, ২০২৫ সালে আইআইটি হায়দরাবাদের একটি অনুষ্ঠানে মহিলাদের ডিম্বাণু সংরক্ষণ বা এগ ফ্রিজিংয়ের পরামর্শ দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন উপাসনা। পরে তিনি জানান, ২৭ বছর বয়সে রামচরণকে বিয়ে করেন এবং ২৯ বছর বয়সে ডিম্বাণু সংরক্ষণের সিদ্ধান্ত নেন। মাতৃত্বের ক্ষেত্রে বয়সের চাপ এড়াতেই এই পদক্ষেপ করেছিলেন তিনি। ৩৬ বছর বয়সে প্রথম সন্তান এবং ৩৯ বছর বয়সে যমজ সন্তানের মা হন উপাসনা।
আরও পড়ুন: মেরুন শাড়িতে রাজকীয় সাজ, দাম শুনলে চোখ কপালে উঠবে! মিস ইউনিভার্সে চর্চায় কাজিয়া



