0%

রাজস্থান থেকে কেকেআরের পথে যশস্বী, বদলে তিন তারকা ক্রিকেটারকে ছাড়তে তৈরি নাইটরা!

আইপিএল নিলাম যত এগিয়ে আসছে, তত বাড়ছে ট্রেড ডিল নিয়ে চাপা উত্তেজনা। কে যাবে কোন দলে? নিলামের আগেই ঘর গুছিয়ে নেবে কারা? এখনও পর্যন্ত সেই দৌড়ে অনেকটাই পিছিয়ে কলকাতা নাইট রাইডার্স। তবে এবার যশস্বী জয়সওয়ালকে পেতে ঝাঁপাতে চলেছে শাহরুখ খানের দল। বদলে তিন ক্রিকেটারকে নাকি দিতে তৈরি। প্রশ্ন হল, কাদের বদলে যশস্বীকে পেতে চাইছে নাইটরা?

হার্দিক পাণ্ডিয়া হাতছাড়া হয়েছে। নাইটদের অধিনায়ক কে হবেন, কেউ জানে না। ভোগাচ্ছে ওপেনিং জুটি। সেখানে যশস্বী দলে এলে অনেক সমস্যার সমাধান হবে নাইটদের জন্য। একজন তরুণ, বিস্ফোরক ওপেনিং ব্যাটারের খোঁজ কেকেআর-ভক্তদের বহুদিনের। ভবিষ্যতের নেতা হিসেবেও দেখা যেতে পারে তাঁকে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাংবাদিক জানিয়েছেন, নাইটরা যশস্বীকে পেতে আগ্রহী। বদলে কী দিতে পারে? অন্তত তিনজনের কথা উঠে আসছে। তিনি কারও নাম করেননি। তবে একজন তারকা বিদেশি অলরাউন্ডার আছেন এই তালিকায়। যাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন আছে। তাছাড়া ওয়ানডে বিশ্বকাপের জন্য তাঁকে কতটা পাওয়া যাবে, সেটাও প্রশ্ন। বোঝাই যাচ্ছে, এই ক্রিকেটার হলেন ক্যামেরন গ্রিন। যাঁকে প্রায় ২৫ কোটি টাকা দিয়ে কিনলেও লাভের লাভ হয়নি।

এই তালিকায় আরও দু’জন ভারতীয় ক্রিকেটারের নাম আছে। তাঁদের মধ্যে একজনের বিদায় নাকি কার্যত নিশ্চিত। তবে তাঁদের নাম প্রকাশ্যে আনা হয়নি। কিন্তু যদি যশস্বীকে ছেড়ে দেয়, তাহলে রাজস্থানে বৈভব সূর্যবংশীর সঙ্গে ওপেন কে করবে, সেই উত্তর খুঁজতে হবে। সেক্ষেত্রে তাঁরা একজন ভারতীয় ওপেনার খুঁজবে। কেকেআর তো সেভাবে বড় নাম কাউকে দিতে পারবে না। সেক্ষেত্রে কি পিছিয়ে যাবে রাজস্থান? আবার এটাও ঠিক যে, তাঁদের একজন বোলিং অলরাউন্ডার প্রয়োজন।

উল্লেখ্য, রাজস্থানের জার্সিতে ২০২০ থেকে খেলছেন যশস্বী। আড়াই হাজারের বেশি রান করেছেন। সবই ঠিক চলছিল। কিন্তু গত মরশুমে অনেক অঙ্ক বদলে যায়। সঞ্জু স্যামসন চলে যাওয়ার পর রিয়ান পরাগকে অধিনায়ক করা হয়। যশস্বীকে সেই জায়গা দেওয়া হয়নি। এছাড়া ভারতীয় ক্রিকেটে ঝড়ের বেগে উত্থান ঘটেছে বৈভবের। ১৫ বছর বয়সি তারকার সঙ্গে ওপেনে নামতে হয় যশস্বীকে। ফলে যেরকমই খেলুক না কেন, বৈভবের ছায়ায় চাপা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কেকেআরে এলে ভবিষ্যতে অধিনায়ক হওয়ার সুযোগ থাকবে তাঁর কাছে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker