0%

লোহার রড, বাঁশ নিয়ে হামলা! দুর্গাপুরে প্রাণ গেল বিজেপি যুবনেতার

বর্ধমান: জমি নিয়ে পুরনো বিবাদ। তার জেরেই কি প্রাণ গেল এক বিজেপি যুবনেতার? পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে ৩৫ বছরের শ্যাম কুমার দাসের মৃত্যুকে ঘিরে এই প্রশ্নই…

বর্ধমান: জমি নিয়ে পুরনো বিবাদ। তার জেরেই কি প্রাণ গেল এক বিজেপি যুবনেতার? পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে ৩৫ বছরের শ্যাম কুমার দাসের মৃত্যুকে ঘিরে এই প্রশ্নই উঠছে। অভিযোগ, লোহার রড, বাঁশ ও ধারালো অস্ত্র নিয়ে তাঁর উপর চড়াও হয় কয়েক জন। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে মৃতের পরিবার। যদিও রাজনৈতিক যোগের বিষয়টি এখনও তদন্তসাপেক্ষ।

বৃহস্পতিবার ফরিদপুর থানার জব্বরপল্লিতে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। শ্যাম পাণ্ডবেশ্বর বিধানসভার ৪ নম্বর মণ্ডলের যুব মোর্চার সাধারণ সম্পাদক ছিলেন। পরিবারের দাবি, অজয় নন্দী ও বিজয় নন্দীর সঙ্গে জমি নিয়ে তাঁর দীর্ঘদিনের বিবাদ চলছিল। বৃহস্পতিবার সেই বিরোধ থেকেই নতুন করে অশান্তির সূত্রপাত।

মৃতের বাবা পরিমল দাসের অভিযোগ, প্রথমে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেই সময় শ্যামের উপর হামলা চালানো হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

শ্যামের মৃত্যুর পরই রাজনৈতিক রং লেগেছে ঘটনায়। পরিবারের অভিযোগ, হামলাকারীরা তৃণমূল কংগ্রেসের কর্মী। বিজেপির স্থানীয় নেতৃত্বও এই ঘটনায় শাসকদলের যোগ থাকার দাবি করেছে।

বিজেপির মণ্ডল তিনের সভাপতি তারকনাথ ধীবর বিশেষ ভাবে বাপি সরকার নামে এক ব্যক্তির উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, এক সময় তৃণমূলের সক্রিয় কর্মী এবং এলাকায় জমি মাফিয়া বলে পরিচিত বাপি সরকার হামলার সময় অভিযুক্তদের সঙ্গেই ছিলেন। খুনের রাতে তিনি ওই এলাকায় কেন ছিলেন, সেই প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা। তবে বাপি সরকারের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতাও স্বাধীন ভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ঘটনায় ইতিমধ্যেই ফরিদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি লোহার রড উদ্ধার করেছে। পুলিশ সূত্রে খবর, প্রসূন পাণ্ডে ও বিজয় নন্দীকে আটক করা হয়েছে। অন্য অভিযুক্ত অজয় নন্দী এখনও অধরা। তাঁর খোঁজে তল্লাশি চলছে।

জমি বিবাদের সূত্র ধরেই কি এই হামলা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে? রাজনৈতিক যোগের অভিযোগ কতটা সত্যি? সব দিক খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের দিকেই এখন নজর দুর্গাপুরের।

 

স্ত্রীর কাছে ফিরতে মরিয়া! কলকাতা বিমানবন্দরে হাইজ্যাকের ভুয়ো হুমকি, গ্রেফতার ব্যক্তি

পাসপোর্ট ভেরিফিকেশনে বড়সড় জালিয়াতি ফাঁস! উস্থিতে গ্রেফতার বাংলাদেশি যুবক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker