0%

সিকিমের পথে দার্জিলিং! পর্যটক টানতে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বর জুড়ে উৎসব শৈল শহরে

পর্যটক টানতে সিকিমের পথে দার্জিলিং! নভেম্বরের শেষ থেকেই রকমারি উৎসবে মাতবে পাহাড়। ২৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে দশ দিনের ‘দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ঘুম উইন্টার ফেস্টিভ্যাল-২০২৬’। ডিসেম্বরে পাহাড়ে বসছে তিস্তা উৎসবের আসর। আসতে পারেন প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে। এছাড়াও রয়েছে কার্নিভাল, বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে উৎসবের আয়োজন।

কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ, নর্থ বেঙ্গলের পর্যটন শাখার চেয়ারম্যান সম্রাট সান্যাল বলেন, “এখন শীতেও বহু পর্যটক পাহাড়ে আসেন। এই সময় বিভিন্ন উৎসবের আয়োজন দার্জিলিং পাহাড়ের পর্যটন শিল্পকে সমৃদ্ধ করবে।”

দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণ বাড়াতে সিকিম জুড়ে চলছে রকমারি উৎসব। এবার একই পথে নামছে দার্জিলিং। শীতের মরশুমে সাধারণত পাহাড় ফাঁকা থাকে। ঠান্ডার ভয়ে অনেকেই শৈল শহরে পা বাড়াতে চান না। সেই ভাবনা পালটে দিতেই নভেম্বরের শেষ থেকে দার্জিলিং পাহাড় জুড়ে বসছে বর্ণময় উৎসবের আসর। চলবে ডিসেম্বরের শেষ পর্যন্ত। ২৮ নভেম্বর থেকে শুরু ‘দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ঘুম উইন্টার ফেস্টিভ্যাল-২০২৬’-এ পাহাড়ের ঐতিহ্য, সংস্কৃতি এবং আধুনিক প্রযুক্তির মেলবন্ধন নজর কাড়বে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের উদ্যোগে ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে এই বিশেষ উৎসব। উৎসবে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য উৎসব, চলচ্চিত্র প্রদর্শনী এবং প্রযুক্তিনির্ভর একাধিক কর্মসূচি।

দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, ১ ডিসেম্বর শিলিগুড়ি জংশন থেকে রংটং পর্যন্ত বিশেষ ট্রেন যাত্রার আয়োজন থাকবে। ২ ডিসেম্বর ঘুম ওপেন এয়ার মিউজিয়ামে ‘দার্জিলিং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত হবে। ৩ ডিসেম্বর চলন্ত টয়ট্রেনে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ভিত্তিক উদ্ভাবনী কর্মসূচির আয়োজন করা হবে। ৪ ডিসেম্বর থাকবে সাহিত্য উৎসব। ৫ ডিসেম্বর কার্শিয়াংয়ে অনুষ্ঠিত হবে হেরিটেজ রান। ৬ ডিসেম্বর দার্জিলিংয়ের চৌরাস্তায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে। এর পাশাপাশি পাহাড়ের বিখ্যাত চা, স্থানীয় কৃষ্টি ও লোকশিল্পকে তুলে ধরতে ‘দার্জিলিং মেলো টি ফেস্টিভ্যাল’-এর আয়োজন করবেন চা ব্যবসায়ীরা। এই উৎসবে জনপ্রিয় সংগীত ব্যান্ডগুলোর প্রতিযোগিতাও থাকবে।

স্থানীয় পর্যটন সংগঠনগুলোর উদ্যোগে পাহাড় ও জুড়ে কার্নিভাল আয়োজন থাকবে। মূলত পাখি দেখা এই উৎসবের লক্ষ্য। পাহাড়ের রঙটঙ, সিটড, নেওড়া পাখিদের স্বর্গরাজ্য। হর্নবিল এবং নানা প্রজাতির পাহাড়ি পাখি দেখতে পাওয়া যায় এই সময়ে। প্রাক্তন ক্রিকেটার তথা পাখিপ্রেমী অনিল কুম্বলে ওই উৎসবে অংশ নিতে পারেন। ৯ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিন উৎসব চলবে। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ, নর্থ বেঙ্গলের পর্যটন শাখার চেয়ারম্যান সম্রাট সান্যাল বলেন, “এখন শীতেও বহু পর্যটক পাহাড়ে আসেন। এই সময় বিভিন্ন উৎসবের আয়োজন দার্জিলিং পাহাড়ের পর্যটন শিল্পকে সমৃদ্ধ করবে।”

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker