১৩ বলে করেছিলেন ৫০! সেই উর্ভিলকে ছেড়ে দিচ্ছে ধোনির দল, প্রাক্তন ক্রিকেটারের কথায় জল্পনা

চেন্নাই সুপার কিংসের জার্সিতে ঝোড়ো ব্যাটিং করে নজর কেড়েছিলেন উর্ভিল প্যাটেল। আইপিএলের ইতিহাসে যুগ্মভাবে দ্রুততম হাফসেঞ্চুরির নজিরও তাঁর দখলে। মাত্র ১৩ বলে ৫০ রান করেছিলেন লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। ভেঙেছিলেন চেন্নাইয়ের হয়ে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড। যে রেকর্ড ছিল সুরেশ রায়নার নামে। অথচ তাঁকে আগামী আইপিএলের আগে ছেড়ে দেওয়ার পরামর্শ দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটার অভিনব মুকুন্দ। তাঁর মতে, উর্ভিলকে অন্য দলে ট্রেড করে দেওয়া উচিত চেন্নাইয়ের।
কেন এমন পরামর্শ? মুকুন্দের যুক্তি, চেন্নাইয়ে এখন তরুণ ব্যাটারের সংখ্যা অনেক। আয়ুষ মাত্রে, কার্তিক শর্মা, ডেওয়াল্ড ব্রেভিস এবং সরফরাজ খানের মতো ক্রিকেটার রয়েছেন। ফলে সকলেই ফিট থাকলে প্রথম একাদশে জায়গা পাওয়া কঠিন হতে পারে উর্ভিলকেই। জিওস্টারের ‘গেম প্ল্যান’ অনুষ্ঠানে মুকুন্দ বলেন, “আমার মনে হয়, উর্ভিল প্যাটেলের মতো ক্রিকেটারকে ট্রেড করার সুযোগ রয়েছে চেন্নাইয়ের সামনে। দলে ইতিমধ্যেই আয়ুষ মাত্রে, কার্তিক শর্মা, ডেওয়াল্ড ব্রেভিস এবং সরফরাজ খান রয়েছে। এরা সবাই ফিট থাকলে উর্ভিলের প্রথম একাদশে জায়গা পাওয়া কঠিন।”
এর পরেই উর্ভিলের ভবিষ্যৎ নিয়ে নিজের মতামত জানিয়েছেন মুকুন্দ। মুকুন্দের কথায়, “চেন্নাই যদি এই তরুণ ব্যাটারদের ভবিষ্যতের কথা ভেবে এগোতে চায়, তাহলে উর্ভিলকে ট্রেড করা উচিত। ও এমন এক ক্রিকেটার, যে কোনও দলের উপরের সারির ব্যাটিংয়ে শক্তি যোগ করতে পারে। পাশাপাশি উইকেটকিপিংও করতে পারে। এমন দলের জন্য ও খুবই কার্যকর হতে পারে।” তবে আয়ুষ মাত্রেকে কোনও ভাবেই ছেড়ে দেওয়ার পক্ষে নন মুকুন্দ। তিনি বলেন, “আয়ুষকে ট্রেড করার কথা ভাবাই উচিত নয়। চেন্নাইয়ের পরবর্তী বড় তারকা ও। তিন নম্বরে ব্যাট করতে পারে, আবার ওপেনও করতে পারে। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করার ক্ষমতা রয়েছে ওর।”
চেন্নাইয়ের সমস্যা কোথায়, সেটাও বলেছেন মুকুন্দ। তাঁর মতে, দলের প্রায় সব ব্যাটারই প্রথম চারটি জায়গায় খেলতে চান। ফলে ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়ছে। প্রথম পছন্দের উইকেটকিপার হিসেবে সঞ্জু স্যামসন থাকায় সরফরাজকে বিকল্প হিসাবে রেখে উর্ভিলকে ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন। উল্লেখ্য, ঘরোয়া ক্রিকেটেও ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন ২৮ বছরের উর্ভিল। রনজি ট্রফিতে কেরলের বিরুদ্ধে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ডবল সেঞ্চুরি করেছেন তিনি। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২২৭ বলে অপরাজিত ২১০ রান করেন উর্ভিল। তাঁর ইনিংসে ছিল ১৭টি চার এবং ছ’টি ছক্কা। ২১৪ বলে ২০০ পূর্ণ করেন তিনি। গত তিন মরশুমের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোই এখন লক্ষ্য সিএসকের। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে রেকর্ড ষষ্ঠ আইপিএল খেতাব জিততে চাইবে পাঁচবারের চ্যাম্পিয়ন দল। এবার দল গঠনের সময় উর্ভিলকে নিয়ে কী সিদ্ধান্ত নেয় ধোনির দল, সেটাই দেখার।
শেয়ার
লিংক



