‘তোমায় পাওয়াই পরম প্রাপ্তি’, মুম্বইয়ে যোগদানের পর রোম্যান্টিক মেজাজে বাগদান সারলেন অর্শদীপ

আইপিএলের সফলতম দলে যোগ দিয়েছেন। কেরিয়ারের অন্যতম স্মরণীয় দিনটাকেই আরও স্পেশাল করে ফেললেন অর্শদীপ সিং। হাঁটু মুড়ে একেবারে রোম্যান্টিক হিরোর মেজাজে বিয়ের প্রস্তাব দিয়ে ফেললেন প্রেমিকা সমরিন কৌরকে। এমন প্রস্তাবে সায় না দিয়ে থাকতে পারেননি সমরিনও। বাগদানের একঝাঁক মিষ্টি মুহূর্ত ভাগ করে নিয়েছেন সোশাল মিডিয়ায়।
কখনও ইঙ্গিতবাহী পোস্ট, কখনও মুখ লুকিয়ে হাতে হাত রেখে পোস্ট, আবার কখনও স্রেফ নখের ছবি দিয়ে স্টোরি-এইভাবে ‘চোরি চোরি চুপকে চুপকে’ প্রেমকাহিনি চলছিল অর্শদীপ আর সমরিনের। মাসতিনেক আগে অবশ্য সোশাল মিডিয়ায় আদুরে পোস্টে প্রেম জাহির করে ফেলেন অর্শদীপ। তবে এই ঘোষণার আগে প্রায় বছরখানেক ইতিউতি দেখা যাচ্ছিল যুগলকে। এবার প্রেমপর্বে জুড়ল নতুন অধ্যায়। সমরিনের সঙ্গে বাগদান সেরে ফেললেন বিশ্বকাপজয়ী পেসার।
বর্তমানে ভারতীয় দলের হয়ে খেলতে নিউজিল্যান্ডে রয়েছেন অর্শদীপ। হ্যামিল্টনের মনোরম পরিবেশে নদীর ধারে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেন। হাঁটু মুড়ে বসে প্রস্তাবের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন দু’জনেই। সমরিন ইনস্টাগ্রামে লিখেছেন, ‘জীবন আমাদের অনেক কিছুই দিয়েছে। তবে তার মধ্যে আমরা একে অপরকে পেয়েছি, সেটার জন্যই আমি সবচেয়ে খুশি। এবার আমাদের একসঙ্গে সারাজীবনের পথ চলা।’ অর্শদীপকে ‘ফিয়ান্সে’ সম্বোধন করতেও ভোলেননি তিনি।
কে এই সমরিন? পাঞ্জাবি বিনোদনের জগতে যথেষ্ট পরিচিত মুখ এই লাস্যময়ী। ২৬ বছর বয়সি সমরিনের জন্ম জম্মু-কাশ্মীরে। অভিনয়ের পাশাপাশি মডেলিং করেন। কেরিয়ারের গোড়াতেই মিস জম্মু-কাশ্মীর হিসাবে প্রতিনিধিত্ব করেন মিস ইন্ডিয়ার মঞ্চে। তারপর থেকেই জনপ্রিয়তা বাড়তে থাকে তাঁর। বাদশাহ, জুবিন নটিয়াল, গুরু রনধাওয়া বা মনিন্দর বুট্টারের একাধিক মিউজিক ভিডিওয় সমরিনকে দেখা গিয়েছে। ‘বাওলা’ এবং ‘তুঝে ভুলনা তো চাহা’ গানগুলির ভিডিও থেকে প্রবল জনপ্রিয়তা পান সমরিন। সেখান থেকে পা রাখেন অভিনয় জগতে।
তবে সমরিন ক্রীড়াপ্রেমীদের কাছে পরিচিত ‘৮৩’ ছবি থেকে। ১৯৮৩ ক্রিকেট বিশ্বকাপ জয় নিয়ে তৈরি হয়েছিল ‘৮৩’ সিনেমাটি। সেখানে কপিল দেবের ভূমিকায় অভিনয় করেছিলেন রণবীর সিং। ওই ছবিতেই ছোট্ট এক চরিত্রে দেখা যায় সমরিনকে। ছবিতে তাঁর নাম ছিল সিমরন সিং। যাঁকে দেখান হয়েছিল বলবিন্দর সিং সান্ধুর বাগদত্তা হিসেবে।
শেয়ার
লিংক



