বর্ণবিদ্বেষী আক্রমণ, মুখে থুতু ছিটনো! লর্ডসের লং রুমে কর্মকর্তাদের কাণ্ড ফাঁস প্রাক্তন ক্রিকেটারের

তারকা ক্রিকেটারকে সবার সামনে বর্ণবিদ্বেষী আক্রমণ! তার সঙ্গে অকথ্য গালাগালি, মুখে থুতু ছিটনো। পুরো ঘটনাটা ঘটেছে লর্ডসের ঐতিহাসিক লং রুমে। আর সেটা করছেন কে? বিশ্ব ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি’র অন্যতম প্রভাবশালী কর্তা। নিজের আত্মজীবনী ‘সবর’-এ বিস্ফোরক অভিযোগ অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার উসমান খোয়াজার। বলবিকৃতি কাণ্ডের পর ফের বিস্ফোরণ তাঁর।
খোয়াজার মতে ঘটনাটা ঘটেছিল ২০২৩ সালে। অ্যাশেজ সিরিজে লর্ডস টেস্টের মাঝে ইংরেজ দর্শকরা ক্রমাগত ধিক্কার দিচ্ছিলেন অজি ক্রিকেটারদের। পঞ্চম দিনে লাঞ্চের সময় লর্ডসের লং রুম দিয়ে ফিরছিলেন। এই স্থানকে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যশালী স্থান বলে মনে করা হয়। সেই সময় দেখা যায় এমসিসি’র এক কর্তার সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছেন খোয়াজা। আজও ক্রিকেটের আইন প্রণয়নের ক্ষেত্রে এমসিসি বা মেরিলিবোন ক্রিকেট বোর্ডের উপর নির্ভর করে আইসিসি।
ঠিক কী ঘটেছিল তখন? খোয়াজা বইতে লিখেছেন, এমসিসি সদস্যরা বারবার কটূক্তি করছিলেন। তাঁদের মধ্যে একজন সমস্ত সীমা ছাড়িয়ে যান। সোজা খোয়াজার কানের সামনে এসে বর্ণবিদ্বেষী মন্তব্য করেন। খোয়াজা লিখেছেন, ‘সবাই যেন শিকারি কুকুরের মতো অপেক্ষা করছিলেন। আমাদের উদ্দেশ্যে নোংরা কথা বলতে থাকেন। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। এটাই কি লর্ডসের লং রুম? নাকি এজবাস্টনের কোনও কুখ্যাত রাস্তা।’
খোয়াজা আরও লিখেছেন, ‘একজন রীতিমতো আমার কানের কাছে হুমড়ি খেয়ে পড়েন। আমি পালটা বলি, এত সাহস হয় কী করে? বলে ফের হাঁটতে থাকি। সেই সময় শুনি একজন বর্ণবিদ্বেষী মন্তব্য করছেন। আমি জানি না তিনি কে? কিন্তু সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীদের বলি, লোকটাকে বের করে দিতে। অথচ লোকটা তখনও আমার দিকে থুতু ছিটোচ্ছিলেন ও চিৎকার করছিলেন।’
শেয়ার
লিংক



