0%

পরিবারের সাত সদস্যকে খুনের ঘটনায় উদ্ধার সাতটি দেহ, হত্যার কারণ খতিয়ে দেখছে পুলিশ

বেঙ্গালুরু, ১০ নভেম্বর : কর্ণাটকে একই পরিবারের সাত সদস্যকে খুনের ঘটনায় অবশেষে উদ্ধার করা হল সাতটি দেহ। এবার হত্যাকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্তে জোর দিচ্ছে পুলিশ। অভিযুক্ত ইন্দুশেখরকে জিজ্ঞাসাবাদ আরও তীব্র করা হবে বলে জানা গিয়েছে। মঙ্গলবার থেকে ডেপুটি কমিশনার অফ পুলিশ নেমা গৌড়ার সরাসরি তত্ত্বাবধানে চলবে জিজ্ঞাসাবাদ।

অভিযুক্ত ইন্দুশেখরকে বেঙ্গালুরুতে নিয়ে আসার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের মানসিক নির্যাতন এবং সম্পত্তি সংক্রান্ত বিবাদের কারণেই তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তবে পুলিশের অনুমান, এর পিছনে আরও কোনও কারণ থাকতে পারে। তাই অভিযুক্তের বয়ান খতিয়ে দেখে প্রকৃত সত্য জানার চেষ্টা চলছে।

অভিযুক্তকে সঙ্গে নিয়ে কর্ণাটক ও তামিলনাড়ুর বিভিন্ন এলাকায় তল্লাশি চালায় পুলিশের একাধিক দল। টানা চার দিন দিনরাত অভিযান চালানোর পর সাতটি দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হয় এবং শেষকৃত্যও সম্পন্ন হয়েছে।

অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার পুলিশের একটি দল হাসান ও ম্যাঙ্গালুরু জেলার বিস্তীর্ণ শিরাড়ি ঘাটের ঘন জঙ্গলে তল্লাশি চালিয়ে তাঁর শ্যালক শঙ্কর এবং শ্যালিকা নলিনীর দেহ উদ্ধার করে। এর আগে ১০ বছরের এক শিশুসহ পাঁচজনের দেহ উদ্ধার করা হয়েছিল।

তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তের স্ত্রী সুনীতা এবং শাশুড়ি রূপাবতীর দেহ তামিলনাড়ুর সেলমের কাছে পাওয়া যায়। অন্যদিকে, শ্যালক শিবকুমার ও শ্যালিকা দিব্যার দেহ মাইসুরুর চামুণ্ডি পাহাড়ের রাস্তার পাশের দুটি পৃথক খাদ থেকে উদ্ধার করা হয়। শঙ্করের ১০ বছরের ছেলে পুনীতের দেহ বেঙ্গালুরুর উপকণ্ঠে নন্দী পাহাড়ের কাছে পাওয়া যায়।

চামুণ্ডি পাহাড়ে একটি দেহ রাস্তার পাশে পাওয়া গেলেও অন্যটি গভীর খাদে পড়ে ছিল। দুটি দেহই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

রাজাজিনগর পুলিশ এই হত্যাকাণ্ডের অভিযোগে ইন্দুশেখর ওরফে ইন্দু শেখর বা শেখরকে গ্রেফতার করেছে। নিহতদের মধ্যে রয়েছেন তাঁর স্ত্রী সুনীতা, শাশুড়ি রূপাবতী, শ্যালক শিবকুমার ও শঙ্কর, শ্যালিকা দিব্যা ও নলিনী এবং ১০ বছরের পুনীত।

পুলিশের প্রাথমিক অনুমান, গত ১৪ অক্টোবর থেকে ৩ নভেম্বরের মধ্যে প্রায় ২০ দিন ধরে এই হত্যাকাণ্ডগুলি ঘটানো হয়েছে। তদন্তকারীদের সন্দেহ, রাজাজিনগরের ভাষ্যম সার্কেল এলাকার বাড়িতে পারিবারিক অনুষ্ঠানের অজুহাতে স্ত্রী-র আত্মীয়দের ডেকে এনে তাঁদের খুন করা হয়। পরে বিভিন্ন জায়গায় দেহগুলি ফেলে দেওয়া হয়।

এই ঘটনায় অভিযুক্তের ১৭ বছরের মেয়েকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তার দেওয়া বয়ানও যাচাই করা হচ্ছে। পাশাপাশি, ১০ বছরের আরও এক শিশু এই ঘটনা থেকে বেঁচে গিয়েছে বলে জানা গিয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং অভিযুক্তের দাবির সত্যতা যাচাইয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker