0%

চোট সারিয়ে ফিরেই ইতিহাস! প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে নজির মুশফিকুরের

প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার। দ্বিতীয় ম্যাচে ড্র। ফলে সিরিজ জেতা হল না বাংলাদেশের। তবে সিলেট টেস্টের শেষ দিনে ব্যক্তিগত কৃতিত্বে ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। টেস্ট ক্রিকেটে সাত হাজারি ক্লাবে বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার। সেদেশের প্রথম ক্রিকেটার হিসাবে এই নজির ৩৮ বছরের তারকার। চোটের কারণে সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি। দ্বিতীয় টেস্টে দলে ফিরেই নয়া নজির তাঁর নামের পাশে।

সোমবার সিলেটে ম্যাচের চতুর্থ ইনিংসে রস্টন চেজের বলে এক রান নিয়ে ৭০০০ রানের গণ্ডি টপকান মুশফিকুর। লাঞ্চের পরেই আসে সেই মাহেন্দ্রক্ষণ। যদিও মাইলফলক ছোঁয়ার পরেও প্রথমে বিষয়টি বুঝতে পারেননি তিনি। ড্রেসিংরুমে সতীর্থদের উঠে দাঁড়িয়ে হাততালি দিতে দেখে বুঝতে পারেন, টেস্ট ক্রিকেটে নতুন নজির গড়ে ফেলেছেন। এর আগে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসাবে টেস্টে ৫০০০ এবং ৬০০০ রানের মাইলফলকও স্পর্শ করেছিলেন মুশফিকুর। ২০২২ সালে ৫ হাজার এবং ২০২৪ সালে ৬ হাজার রানের গণ্ডি পেরিয়েছিলেন তিনি। এবার সাত হাজারের ক্লাবে ঢুকে পড়লেন। বাংলাদেশের হয়ে টেস্টে সর্বাধিক রানের তালিকায় তাঁর ধারেকাছে নেই কেউ।

বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বাধিক রানের মালিক মুশফিকুর রহিম। এখনও পর্যন্ত ১৯৭টি ইনিংসে তাঁর সংগ্রহ ৭০০০ রান। এই তালিকায় দ্বিতীয় স্থানে মমিনুল হক। ১৫২টি ইনিংসে তাঁর রান ৫২৯৩। তৃতীয় স্থানে থাকা তামিম ইকবাল ১৩৪টি ইনিংসে করেছেন ৫১৩৪ রান। শাকিব আল হাসান ১৩০টি ইনিংসে ৪৬০৯ রান করে রয়েছেন চতুর্থ স্থানে। প্রথম পাঁচে শেষ নামটি লিটন দাসের। ১০২টি ইনিংসে তাঁর সংগ্রহ ৩৫৫৭ রান। ২০০৫ সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মুশফিকুরের। সিলেট টেস্টটি তাঁর কেরিয়ারের ১০৭তম। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার নজিরও রয়েছে তাঁর দখলে। কেরিয়ারের শুরুর দিকে মূলত লোয়ার মিডল অর্ডারে ব্যাট করতেন। দীর্ঘদিন উইকেটকিপারের দায়িত্বও সামলেছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে আঙুলের চোটের কারণে মাঠে নামতে পারেননি মুশফিকুর। দ্বিতীয় ম্যাচে ফিরে ১২৩ বলে ৪৯ রানের লড়াকু ইনিংস খেলেন। তৌহিদ হৃদয়ের সঙ্গে জুটিও গড়ে তোলেন তিনি। শেষ দিনে ৩৬৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ৪ উইকেটে ১৮৪ রান তোলার পরেই দুই দলের অধিনায়ক ম্যাচ ড্র করার সিদ্ধান্ত নেন। সিরিজ হাতছাড়া হলেও মুশফিকুরের ব্যক্তিগত সাফল্যে সিলেট টেস্ট স্মরণীয়।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker