0%

চোট সারিয়ে ফিরে উজ্জ্বল প্রসিদ্ধ, নিউজিল্যান্ডে টেস্ট সিরিজের আগেই জয়ের গন্ধ পাচ্ছে ভারত

নিউজিল্যান্ড ‘এ’-র বিরুদ্ধে তৃতীয় বেসরকারি টেস্টে জয়ের দোরগোড়ায় ভারত ‘এ’। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ম্যাচের রাশ কার্যত নিজেদের হাতে নিয়ে নিয়েছে তারা। প্রথম ইনিংসে ৪৬৪ রান করার পাশাপাশি ৪২৮ রানের বিশাল লিড নিয়েছে ভারত। সেঞ্চুরিতে চেনা ছন্দে ফিরেছেন যশস্বী জয়সওয়াল। রান পেয়েছেন সাই সুদর্শন, ধ্রুব জুরেল, তিলক বর্মা, ওয়াশিংটন সুন্দররা। আর চোট সারিয়ে ফিরে নজর কেড়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ। 

বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের শেষে ভারত ‘এ’-র রান ছিল ২ উইকেটে ২২৭। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে প্রথম টেস্টে চরম ব্যর্থ হন। তবে পরপর দুই টেস্টে সেঞ্চুরিতে চেনা ছন্দে ফিরে এসেছেন তরুণ ওপেনার। আগের ম্যাচে অপরাজিত ১৫৫ রানের ইনিংসের পর এবার তাঁর ব্যাট থেকে এসেছে ১০২ রান। অন্যদিকে, সাই সুদর্শন অপরাজিত ছিলেন ৭৭ রানে। প্রথম উইকেটে ১৭৫ রান যোগ করে ভারতকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দিয়েছিলেন দু’জনে।

রবিবার খেলা শুরু হতেই অবশ্য সাজঘরে ফেরেন সুদর্শন। আগের দিনের রানের সঙ্গে আর ১১ রান যোগ করে জ্যাক গিবসনের বলে বোল্ড হন। তাঁর নামের পাশে ৮৮। এর পর ইনিংসের হাল ধরেন জুরেল। ৯৫ বলে ৭১ রানের ঝকঝকে ইনিংসে ছিল ন’টি চার ও দু’টি ছয়। ৭৫ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ক্যামেরন পলের বলে থামতে হয় তাঁকে। ঋষভ পন্থের অনুপস্থিতিতে বিকল্প উইকেটকিপার-ব্যাটার হিসাবে খেলতে নামা তিলকও রান পান। রবীন্দ্র জাদেজার সঙ্গে ৪৪ রানের জুটি গড়েন তিনি। জাদেজা করেন ২৫। তিনি আউট হওয়ার পর আসেন ওয়াশিংটন। তিলক-ওয়াশিংটনের ষষ্ঠ উইকেটে অপরাজিত জুটিতে ওঠে ১১৪ রান। ১৪৬ ওভারে ৫ উইকেটে ৪৬৪ রান তুলে ডিক্লেয়ার দেয় ভারতীয় দল। তিলক করেন ১৩১ বলে ৮১। ওয়াশিংটন ১০৭ বলে ৫০।

এর পর বল হাতে চমক প্রসিদ্ধের। বাঁ হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে দলে ফিরে প্রথম স্পেলেই জোড়া উইকেট তুলে নেন তিনি। রাইস মারিউ ও কার্টিস হেফিকে ফিরিয়ে নিউজিল্যান্ড ‘এ’-কে শুরুতেই চাপে ফেলে দেন প্রসিদ্ধ। তাঁর দাপটে ৩৬ রানে ২ উইকেট হারিয়ে বসে কিউয়িরা। আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য এই ম্যাচে খেলছেন জশপ্রীত বুমরাহও। আপাতত উইকেট না পেলেও ৬ ওভারের দিয়েছেন মাত্র ১১ রান। দিনের শেষে ডিন ফক্সক্রফট ১০ এবং গিবসন ১ রানে অপরাজিত রয়েছেন। ভারতের থেকে এখনও ৪২৮ রানে পিছিয়ে তারা। সিরিজের প্রথম দু’টি ম্যাচ ড্র হয়েছিল। তবে শেষ ম্যাচে এখন চালকের আসনে ভারত ‘এ’। শেষ দিনে অঘটন না ঘটলে এই ম্যাচে জয় পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে ধ্রুব জুরেলদের।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker