লরেন্স বিষ্ণোইয়ের প্রধান স্যাঙাৎ আটক আমেরিকায়, আনা হচ্ছে ভারতে

আমেরিকায় আটক হল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের (Lawrence Bishnoi) প্রধান স্যাঙাৎ হ্যারি বক্সার। শুক্রবার রাতে তাঁকে ক্যালিফোর্নিয়ায় আটক করা হয়েছে। দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল ও হরিয়ানা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের দেওয়া তথ্যেই খোঁজ মিলেছিল তার। সুদূর আমেরিকায় বসে বলিউডের বহু ব্যক্তিকেই সোশ্যাল মিডিয়া ও অডিও মেসেজের মাধ্যমে হুমকি দিত সে। অবশেষে পুলিশের জালে সেই গ্যাংস্টার।
কে এই হ্যারি বক্সার? তার আসল নাম হরিচাঁদ জাঠ। রাজস্থানের বাসিন্দা হরি বক্সিং শিখত। সেই থেকেই তার নামের সঙ্গে জুড়ে যায় বক্সার। অপরাধ জগতে প্রবেশের আগে বক্সিং কোচ হিসেবেই পরিচিত ছিল সে। পরে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের অংশ হয়ে সে একটা বড় নেটওয়ার্ক পরিচালনা করতে শুরু করে বলে দাবি পুলিশের। সে কবে বিদেশে গিয়েছিল সেটা জানা যায়নি। তবে দূর থেকেই সে নানা অপরাধের সঙ্গে জড়িয়ে ছিল বলেই অভিযোগ।
এবছরের ফেব্রুয়ারিতে পরিচালক রোহিত শেট্টির বাড়ির সামনে পাঁচ রাউন্ড গুলি চালিয়েছিল আততায়ীরা। কেউ হতাহত না হলেও এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছিল। নিরাপত্তা রক্ষীরা দ্রুত পুলিশের কাছে খবর পাঠানোয় বড় কোনও সমস্যা হয়নি। এই হামলার দায় স্বীকার করেছিল বক্সার। পরে এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়। সন্দেহ করা হয় অভিনেতা তুষার কাপুরকে ফোনে হুমকি দিয়ে ৫ কোটি টাকা চাওয়ার নেপথ্যেও বক্সারই ছিল। যদিও মুম্বই পুলিশ এই দাবি উড়িয়ে দেয়, কেননা ফোনের কণ্ঠস্বর বক্সারের সঙ্গে মেলেনি। কপিল শর্মার ক্যাফেতে গুলি চালানোর ঘটনাতেও বক্সারের নামই জড়িয়েছিল। জানা যাচ্ছে, তাকে ভারতে প্রত্যর্পণের কাজ শুরু হয়েছে। আশা, মার্কিন মুলুক থেকে দ্রুত দিল্লিতে ফিরিয়ে আনা সম্ভব হবে অভিযুক্তকে।
শেয়ার
লিংক



