0%

নিলামে দুই তারকার জন্য ঝাঁপাবে দিল্লি, রণকৌশল ফাঁস কোচ সৌরভের

হেডকোচের দায়িত্ব নিয়েই দিল্লি ক্যাপিটালসের দল সাজানোর কাজে নেমে পড়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী আইপিএলের মিনি নিলামে দুই তারকাকে দলে ফেরানোর পরিকল্পনা রয়েছে মহারাজের। নিছক কোচিং নয়, দল গঠনের ক্ষেত্রেও যে সক্রিয় ভূমিকা নিতে চান সৌরভ, তা দিনের আলোর মতো পরিষ্কার তাঁর মন্তব্যে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছেন, আগামী নিলামে দুই বিদেশি ক্রিকেটারকে পাওয়ার ব্যাপারে আগ্রহী দিল্লি। তাঁর কথায়, “দু’জন বিদেশি ক্রিকেটারকে পাওয়ার ব্যাপারে আমরা আগ্রহী। তাঁরা হলেন অস্ট্রেলিয়ার ফ্রেজার ম্যাকগার্ক এবং ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ।” আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় ২০২৭ সালের আইপিএলের মিনি নিলাম। সেদিনই বেঙ্গালুরুতে ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। তার প্রায় এক মাস আগে, ১৭ নভেম্বরের মধ্যে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে দলগুলিকে বলে খবর।

ম্যাকগার্কের সঙ্গে দিল্লির সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০২৪ সালে বিকল্প ক্রিকেটার হিসাবে দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছিলেন এই অস্ট্রেলীয় ব্যাটার। পরের নিলামে রাইট টু ম্যাচ (আরটিএম) কার্ড ব্যবহার করে তাঁকে দলে ধরে রাখে ফ্র্যাঞ্চাইজি। সেবার ম্যাকগার্কের জন্য ৯ কোটি টাকা খরচ করেছিল দিল্লি। আইপিএলে এখনও পর্যন্ত ১৫টি ম্যাচে ২৫.৬৭ গড়ে ৩৮৫ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১৯৯.৪৯। অন্যদিকে, ২০২৪ সালের আইপিএলে ৭৫ লক্ষ টাকায় শাই হোপকে দলে নিয়েছিল দিল্লি। যদিও এক মরশুমের পরই তাঁকে ছেড়ে দেওয়া হয়।

দিল্লি ক্যাপিটালসে এখন কার্যত নতুন করে দল গড়ার প্রক্রিয়া চলছে। সৌরভকে কোচ করার পর কোচিং বিভাগেও একাধিক পরিবর্তন এনেছে ফ্র্যাঞ্চাইজি। ভারতের প্রাক্তন লেগস্পিনার অমিত মিশ্রকে স্পিন বোলিং কোচ এবং যুবরাজ সিংকে সহকারী ও ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ট্রেডের মাধ্যমেও শক্তি বাড়ানোর চেষ্টা চলছে। বাঁহাতি পেসার টি নটরাজনকে সানরাইজার্স হায়দরাবাদে পাঠিয়ে লেগস্পিনার জিশান আনসারিকে নিয়েছে দিল্লি। এর আগে লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে ট্রেডের মাধ্যমে কুলদীপ যাদবকে পাঠিয়ে ঋষভ পন্থকে দলে ফিরিয়েছিল তারা।

এখনও পর্যন্ত আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি দিল্লি। ২০২০ সালে ফাইনালে উঠেও মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতে হয়েছিল তাদের। তার পর থেকে ট্রফির স্বপ্ন অধরাই। ২০২৫ এবং ২০২৬– টানা দুই মরশুমে প্লে-অফে জায়গা করতে পারেনি দিল্লি। সেই ব্যর্থতার জেরেই কোচিং বিভাগে বড়সড় রদবদল করেছে ফ্র্যাঞ্চাইজি। হেমাঙ্গ বাদানি, ক্রিকেট ডিরেক্টর বেণুগোপাল রাও এবং পেস বোলিং কোচ মুনাফ প্যাটেলের অধ্যায়েরও অবসান হয়েছে। নিলামে পছন্দের ক্রিকেটারদের পেয়ে কতটা শক্তিশালী দল গড়তে পারেন বাংলার মহারাজ, সেটাই দেখার। লক্ষ্য একটাই, দীর্ঘদিনের ট্রফি-খরা কাটিয়ে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়া।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker