ব্যর্থ হয়েও বিরাট নজির রোহিত-কোহলির, নিউজিল্যান্ডকে লজ্জায় ফেলে রেকর্ড গুর্নুরেরও

নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে নজির রোহিত শর্মা, বিরাট কোহলির। দ্বিতীয় ওয়ানডেতে দু’জনের কেউই রান পাননি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কোহলি করেন মাত্র ৭ রান। অন্যদিকে ভালো শুরু করেও ২৩ রান করে ফিরে যান রোহিত। তাতেও রেকর্ড গড়লেন দুই মহাতারকা। এর সঙ্গে বোলিংয়ে দাগ কাটলেন গুর্নুর ব্রার। তাঁর ও আকিব নবির দাপটে ভারতের (India) বিরুদ্ধে লজ্জার নজির নিউজিল্যান্ড দলের।
ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং বিপর্যয় নিউজিল্যান্ডের। আকিব নবির সুইং ও গুর্নুর ব্রারের পেস-বাউন্সে বেসামাল কিউয়ি ব্যাটিং। ৪১ ওভার ব্যাট করে নিউজিল্যান্ড, তার মধ্যে ১৭৬টি ডট বল। মাত্র ১৩৪ রানে গুটিয়ে যান মিচেল স্যান্টনাররা। ঘরের মাঠে ভারতের বিপক্ষে এটাই নিউজিল্যান্ডের সর্বনিম্ন রান। যার কৃতিত্ব দিতে হবে দুই পেসারকে।
নবির যদি অস্ত্র সুইং হয়, তাহলে গুর্নুরের শক্তি পেস ও বাউন্স। উচ্চতা কাজে লাগিয়ে পিচ থেকে বাড়তি বাউন্স পান। সঙ্গে প্রতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতি। ৩০ রান দিয়ে ৪ উইকেট পেলেন। গত ২৪ বছরে নিউজিল্যান্ডে এটা কোনও ভারতীয়র সেরা বোলিং। অনিল কুম্বলের ৩৩ রানে ৫ উইকেট ও জাভাগল শ্রীনাথের ২৩ রানে ৪ উইকেটের পর নিউজিল্যান্ডে সেরা বোলিং গুর্নুরের।
তবে অল্প রান তাড়া করতে নেমেও বিপাকে পড়ে ভারত। কোহলি (Virat Kohli) ৭ বলে ৭ রান করে আউট হন। তাতেই ছাপিয়ে গেলেন অজি কিংবদন্তি রিকি পন্টিংকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে এতদিন সর্বোচ্চ রান ছিল পন্টিংয়ের। ৫০ ইনিংসে তাঁর রান ছিল ১৯৭১। এদিন ৭ রানেই তাঁকে টপকে যান কোহলি। তিনি সময় নেন ৩৮ ইনিংস। কোহলি যদি অজি তারকাকে ছাপিয়ে যান, তাহলে রোহিত (Rohit Sharma) ছাপিয়ে গেলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারকে। ২৮ বলে ২৩ রান করেন রোহিত। তাঁর ব্যাট থেকে আসে দু’টি ছক্কা। এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে সবচেয়ে ছক্কা ছিল শাহিদ আফ্রিদির। তাঁর ব্যাট থেকে এসেছিল ৫০ ছক্কা। এদিনের দুই ছক্কায় রোহিতের সংখ্যা হল ৫১।
শেয়ার
লিংক



