স্বপ্নভঙ্গ কেকেআরের, হার্দিককে ছিনিয়ে নিল অন্য ফ্র্যাঞ্চাইজি, বদলে জাতীয় দলের পেসারকে পেল মুম্বই

হার্দিক পাণ্ডিয়ার দলবদল নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান। চোট সমস্যা, কেরিয়ার নিয়ে অনিশ্চয়তার মধ্যেই মুম্বই ইন্ডিয়ান্সের বিদায়ী অধিনায়কের আইপিএল ভবিষ্যৎ নির্ধারিত হয়ে গেল। মুম্বই ছেড়ে হার্দিক যাচ্ছেন পাঞ্জাব কিংসে। বদলে মুম্বই পাচ্ছে পাঞ্জাবের তারকা পেসার অর্শদীপ সিংকে। হার্দিক এবং অর্শদীপের দলবদলের চুক্তি দুই দল চূড়ান্ত করে ফেলেছে। শুধু বিসিসিআই সরকারি স্বীকৃতি দিলেই ওই চুক্তিতে সিলমোহর পড়ে যাবে। হার্দিক পাঞ্জাব চলে যাওয়ায় নাইট ভক্তদের যে স্বপ্নভঙ্গ হল সেটা বলার অপেক্ষা রাখে না।
২০২৪ সালে রোহিত শর্মার কাছ থেকে নেতৃত্ব নেওয়ার পর থেকেই ধারাবাহিক সমালোচনার মুখে পড়েছেন হার্দিক। নেতৃত্ব পরিবর্তনের পর থেকে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা আগের ছন্দে ফিরতে পারেনি। ধারাবাহিকতার অভাবে ভুগেছেন হার্দিক। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে মুম্বই ১৪ ম্যাচ জয় পেয়েছিল চার ম্যাচে। জয়ের শতাংশ ২৮.৫ শতাংশ। ২০২৫ সালে ১৬ ম্যাচে ৯টি জয় পেলেও নক আউটে উঠতে পারেনি মুম্বই। গত আইপিএলেও অবস্থা তথৈবচ। গত মরশুমের শেষেই মোটামুটি ঠিক হয়ে যায় হার্দিক আর মুম্বইয়ে থাকবেন না।
এবার অন্তত তিনটি ফ্র্যাঞ্চাইজি হার্দিককে দলে নেওয়ার দৌড়ে ছিল। যার মধ্যে সবার উপরে নাম ছিল কেকেআরের। কিন্তু হার্দিকের বদলে যে সব ক্রিকেটারকে মুম্বই চাইছিল, তাঁদের ছাড়তে রাজি হয়নি নাইটরা। লড়াইয়ে ছিল রাজস্থান রয়্যালসও। তারাও যশস্বী জয়সওয়ালকে ছাড়তে রাজি হয়নি। শেষবেলায় লড়াইয়ে ঢুকে পড়ে পাঞ্জাব কিংস। তাঁরাই শেষমেশ হার্দিককে কিনে নিল। যদিও বদলে নিজেদের সেরা অস্ত্র অর্শদীপ সিংকে হারাল পাঞ্জাব। ভারতীয় ক্রিকেট সার্কিটে অর্শদীপের উত্থানই হয় পাঞ্জাবের হাত ধরে। এবার তিনি চলে গেলেন মুম্বইয়ে।
জশপ্রীত বুমরাহ এবং অর্শদীপ সিং, ভারতীয় দলের দুই সেরা পেসারই এবার খেলবেন মুম্বইয়ের হয়ে। তবে লাখ টাকার প্রশ্ন হল, এবার মুম্বইয়ের অধিনায়ক কে হবেন? উত্তর হল, রোহিত শর্মা। পাঁচবারের চ্যাম্পিয়নরা মোটামুটি ঠিক করে ফেলেছেন, হিটম্যানকেই আগামী মরশুমের অধিনায়কত্ব ছাড়া হবে।
শেয়ার
লিংক



