0%

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর সেই উৎসবের তালিকায় অন্যতম গুরুত্বপূর্ণ স্থান জুড়ে রয়েছে কালীপুজো। আলোর উৎসব দীপাবলির রাতেই বাংলার ঘরে ঘরে আরাধনা করা হয় দেবী শ্যামার। কোথাও মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, কোথাও আবার বাড়িতে পুজোর আয়োজন। তবে উৎসবের প্রস্তুতির পাশাপাশি অনেকের মনেই রয়েছে একটি প্রশ্ন, ২০২৬ সালে কালীপুজো কবে? কখন থেকে শুরু হচ্ছে অমাবস্যা তিথি? কলকাতায় নিশিপুজোর শুভ সময়ই বা কখন? জেনে নিন পুজোর দিনক্ষণ ও গুরুত্বপূর্ণ সময়সূচি।

কালীপুজোর দিনক্ষণ ও সময়সূচি একনজরে

কবে কালীপুজো(২০২৬)?

চলতি বছর ৮ নভেম্বর, রবিবার পালিত হবে কালীপুজো। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী দিনটি ২২ কার্তিক। একই দিনে দেশজুড়ে পালিত হবে দীপাবলি।

 কখন শুরু ও শেষ হচ্ছে অমাবস্যা তিথি?

কলকাতার স্থানীয় সময় অনুযায়ী, ৮ নভেম্বর সকাল ১১টা ২৭ মিনিটে শুরু হবে অমাবস্যা তিথি। পরের দিন অর্থাৎ ৯ নভেম্বর দুপুর ১২টা ৩১ মিনিটে তিথি শেষ হবে।

নিশিপুজোর শুভক্ষণ কখন?

কালীপুজোর অন্যতম গুরুত্বপূর্ণ সময় নিশীথকাল। ৮ নভেম্বর রাত ১০টা ৫৫ মিনিট থেকে ১১টা ৪৬ মিনিট পর্যন্ত থাকছে নিশিপুজোর শুভক্ষণ। অর্থাৎ পুজোর জন্য নির্ধারিত সময়সীমা ৫১ মিনিট।

আরও পড়ুনঃ আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

কবে ভূত চতুর্দশী?

কালীপুজোর আগের দিন অর্থাৎ ৭ নভেম্বর, শনিবার পালিত হবে ভূত চতুর্দশী। বাঙালি পরিবারে এই দিনে চোদ্দো প্রদীপ জ্বালানোর প্রচলন রয়েছে। পাশাপাশি চোদ্দো শাক খাওয়ার রীতিও প্রচলিত।

অমাবস্যার রাতেই কেন হয় কালী আরাধনা?

কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দেবী কালীর আরাধনার বিশেষ মাহাত্ম্য রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, দেবী কালী অশুভ শক্তির বিনাশ এবং ভক্তদের রক্ষার প্রতীক। তাই অমাবস্যার ঘন অন্ধকারে প্রদীপ, ধূপ, ফুল ও মন্ত্রোচ্চারণের মাধ্যমে চলে দেবীর আরাধনা। বাংলার বিভিন্ন প্রান্তে এই রাতে আলোর রোশনাই – এ পুজোর মণ্ডপ এবং শ্যামাসংগীতে মুখর হয়ে ওঠে পরিবেশ।

তবে পঞ্জিকা অনুযায়ী স্থানভেদে শুভক্ষণের সময় কয়েক মিনিটের হেরফের হতে পারে। তাই বাড়িতে পুজোর আয়োজনের ক্ষেত্রে স্থানীয় পুরোহিতের পরামর্শ নেওয়াই ভালো।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker