0%

ঝাড়খণ্ডে ভয়াবহ পথ দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, শোক প্রকাশ প্রধানমন্ত্রী মোদির

নয়াদিল্লি, ৬ নভেম্বর : ঝাড়খণ্ডের খুঁটি জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় সাতজনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি বার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

প্রধানমন্ত্রী লেখেন, ঝাড়খণ্ডের খুঁটিতে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছেন। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকেও তাঁর এই বার্তা প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার রাত প্রায় ১০টা নাগাদ কাররা-তোরপা প্রধান সড়কের জোনে-লুদরু মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রথমে একটি স্কুটার দুর্ঘটনার কবলে পড়ে। স্কুটার চালককে সাহায্য করতে স্থানীয় কয়েকজন বাসিন্দা রাস্তার পাশে জড়ো হয়েছিলেন। সেই সময় তোরপার দিক থেকে দ্রুতগতিতে আসা ১৮ চাকার একটি ট্রেলার ট্রাক জড়ো হওয়া লোকজনের ওপর দিয়ে চলে যায় বলে অভিযোগ।

ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। গুরুতর আহত ১২ বছর বয়সি এক কিশোরকে খুঁটি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনায় এক তরুণীও আহত হয়েছেন।

এই মর্মান্তিক ঘটনার পর শুক্রবার সকালে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। কাররা রেলক্রসিংয়ের কাছে টায়ার জ্বালিয়ে মূল সড়ক অবরোধ করেন তাঁরা। এর ফলে ওই রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার জন্য দায়ী ট্রেলার চালককে অবিলম্বে গ্রেপ্তার, নিহতদের পরিবারের সদস্যদের সরকারি চাকরি এবং পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবিতে সরব হন বিক্ষোভকারীরা। তাঁদের অভিযোগ, জোনে-লুদরু মোড়ে কম দৃশ্যমানতা এবং রাস্তার বেহাল অবস্থার কারণে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেশি। এলাকাটি দুর্ঘটনাপ্রবণ হওয়া সত্ত্বেও প্রায়ই ভারী যানবাহন দ্রুতগতিতে চলাচল করে।

ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ওই এলাকায় আরও কঠোর সড়ক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবিও জানান গ্রামবাসীরা।

অবরোধের খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সরকারি নিয়ম অনুযায়ী সব ধরনের সহায়তা ও ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker