0%

বঙ্গোপসাগরে মৎস্যসম্পদ নিয়ে গবেষণায় ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপের যৌথ উদ্যোগ

কোচি, ৫ নভেম্বর : বঙ্গোপসাগরে জলবায়ু পরিবর্তন, সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি এবং আবহাওয়ার পরিবর্তনের ফলে মাছের প্রজাতি ও মৎস্যসম্পদের উপর কী প্রভাব পড়ছে, তা খতিয়ে দেখতে যৌথ গবেষণা নেটওয়ার্ক গড়ে তুলল ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপ।

কোচির আইসিএআর-সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট (সিএমএফআরআই)-এ আয়োজিত এক আন্তর্জাতিক বৈঠকে এই নেটওয়ার্কের সূচনা হয়। মৎস্য ও রিমোট সেন্সিং বিষয়ক আন্তর্জাতিক সিম্পোজিয়ামের পাশাপাশি এই বৈঠকের আয়োজন করা হয়েছিল।

কেন্দ্রীয় মৎস্য দপ্তরের যুগ্ম সচিব সুরভি রাই বলেন, বিজ্ঞানভিত্তিক মৎস্য ব্যবস্থাপনার ক্ষেত্রে এই উদ্যোগ বিশ্বের অন্যান্য অঞ্চলের কাছেও একটি মডেল হয়ে উঠতে পারে।

চারটি দেশ মিলে গড়ে তোলা এই আঞ্চলিক গবেষণা নেটওয়ার্কের নাম দেওয়া হয়েছে ‘বে অব বেঙ্গল নেটওয়ার্ক অব ওশান রিসার্চার্স ফর ফিশারিজ’। এর মাধ্যমে সমুদ্রবিজ্ঞানী, মৎস্য বিশেষজ্ঞ এবং গবেষকদের একত্রিত করা হবে।

সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি, বর্ষার ধরনে পরিবর্তন, লবণাক্ততার ওঠানামা, সমুদ্রস্রোত এবং সামুদ্রিক জীববৈচিত্র্যের প্রভাব কীভাবে মাছের চলাচল, প্রজনন, বৃদ্ধি ও সংখ্যার উপর পড়ছে, তা নিয়ে গবেষণা করা হবে।

এই গবেষণায় স্যাটেলাইটের তথ্য, সমুদ্র সমীক্ষা, জলবায়ু সংক্রান্ত তথ্য এবং মৎস্য গবেষণার ফলাফল একত্রিত করা হবে। এর ফলে সমুদ্রে মাছের গতিবিধি এবং মাছের সংখ্যা কমা-বাড়ার কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

উদ্যোগের মূল লক্ষ্য হল বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে মৎস্য আহরণ ও ব্যবস্থাপনার পরিকল্পনা তৈরি করা। এতদিন মূলত কত পরিমাণ মাছ ধরা হচ্ছে, তার উপর ভিত্তি করেই মৎস্যসম্পদ পরিচালনার পরিকল্পনা করা হতো। নতুন নেটওয়ার্ক সমুদ্রের পরিবর্তনগুলি আগেভাগে চিহ্নিত করার উপর গুরুত্ব দেবে।

বিওবিপি-আইজিও-র ডিরেক্টর পি কৃষ্ণন বলেন, এই নেটওয়ার্ক সমুদ্র গবেষক এবং মৎস্য বিশেষজ্ঞদের মধ্যে সমন্বয় বাড়াবে। পাশাপাশি সমুদ্রবিজ্ঞান সংক্রান্ত গবেষণা ও মৎস্য ব্যবস্থাপনার মধ্যে থাকা দূরত্ব কমাতে সাহায্য করবে।

প্রাক্তন আইসিএআর উপ-মহাপরিচালক বি মীনাকুমারী সময়োপযোগী ও নির্ভরযোগ্য তথ্যের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তাঁর মতে, সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা-সহ বিভিন্ন সামুদ্রিক পরিস্থিতির ভিত্তিতে নিয়মিত পরামর্শ দেওয়া হলে মৎস্যজীবীরা আরও ভালোভাবে তাঁদের মাছ ধরার পরিকল্পনা করতে পারবেন।

বে অব বেঙ্গল প্রোগ্রাম ইন্টার-গভর্নমেন্টাল অর্গানাইজেশন-এর সমন্বয়ে এই নেটওয়ার্ক পরিচালিত হবে। কেন্দ্রীয় মৎস্য দপ্তরের উদ্যোগে জিইও ব্লু প্ল্যানেট এবং ট্রেভর প্ল্যাট বিজ্ঞান ফাউন্ডেশন-এর সহযোগিতায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker