শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ SSC-র ! চতুর্থ দফার ইন্টারভিউ ও নথি যাচাইয়ের সূচি প্রকাশ

SOBDIK NEWS: নিয়োগ প্রক্রিয়ার অগ্রগতিতে জোরকদমে কাজ চালাচ্ছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। উচ্চমাধ্যমিক স্তরে নিয়োগের ক্ষেত্রে সংশোধিত প্রাথমিক তালিকায় জায়গা পাওয়া প্রার্থীদের মধ্য থেকেই পরবর্তী পর্যায়ের জন্য ডাক পাঠাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। বুধবার প্রকাশিত নতুন বিজ্ঞপ্তিতে চতুর্থ পর্যায়ের ইন্টারভিউ, নথিপত্র পরীক্ষা এবং লেকচার ডেমোনস্ট্রেশনের সময়সূচি জানিয়ে দিয়েছে SSC।
বিজ্ঞপ্তিতে কী জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন (SSC) ?
কমিশনের নির্ধারিত সূচি অনুসারে, ১৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত চলবে এই পর্যায়ের যাবতীয় কার্যক্রম। একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য মোট ১৬টি বিষয়ের প্রার্থীদের মূল্যায়ন করা হবে। সংশ্লিষ্টদের শুধু শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র যাচাই করালেই চলবে না, মৌখিক পরীক্ষার পাশাপাশি লেকচার দেওয়ার দক্ষতাও দেখাতে হবে। কোন বিষয়ের জন্য কোন দিন নির্ধারিত হয়েছে, তা কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
এই পর্বের সঙ্গে জড়িয়ে রয়েছে দ্বিতীয় SLST-র ইন্টারভিউ তালিকা সংশোধনের বিষয়টি। উচ্চমাধ্যমিক স্তরে নিয়োগের প্রাথমিক তালিকা নতুন করে পর্যালোচনা করে গত ২৮ সেপ্টেম্বর সংশোধিত তালিকা প্রকাশ করেছিল SSC। সেই তালিকায় অতিরিক্ত যাঁদের নাম অন্তর্ভুক্ত হয়েছিল, তাঁদের পর্যায়ক্রমে ইন্টারভিউয়ের সুযোগ দেওয়া হচ্ছে। আগের তিনটি পর্যায়ের পর এবার চতুর্থ দফার সূচি সামনে আনল কমিশন।
আরও পড়ুন : সিলেবাস থেকে বাদ কন্যাশ্রী, সিঙ্গুর আন্দোলন! জুড়ছে শ্যামাপ্রসাদ, বড় ঘোষণা স্কুলশিক্ষামন্ত্রীর
পুষ্টিবিজ্ঞান, রসায়ন, সঙ্গীত, শারীরশিক্ষা, দর্শন, শিক্ষাবিজ্ঞান, সমাজবিদ্যা, কম্পিউটার সায়েন্স, অ্যাকাউন্ট্যান্সি এবং অ্যাগ্রোনমি-সহ মোট ১৬টি বিষয়ের প্রার্থীরা এই পর্যায়ে অংশ নেবেন। প্রতিটি বিষয়ের জন্য আলাদা দিন রাখা হয়েছে। তাই নিজের বিষয় অনুযায়ী নির্ধারিত তারিখটি আগে থেকেই মিলিয়ে নেওয়া জরুরি। ইন্টারভিউয়ে ডাক পাওয়া প্রার্থীদের জন্য আগামী ৭ নভেম্বর থেকে কমিশনের ওয়েবসাইট www\.westbengalssc.com-এ ইন্টিমেশন লেটার পাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সংশ্লিষ্ট প্রার্থীরা নিজেদের চিঠি ডাউনলোড করে সেখানে দেওয়া সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশাবলি জেনে নিতে পারবেন। আবেদনের সময় যে সমস্ত শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতার তথ্য দেওয়া হয়েছিল, সেগুলির প্রমাণ হিসেবে প্রয়োজনীয় শংসাপত্র সঙ্গে নিয়ে যেতে হবে।
যাচাইয়ের সময় কোনও তথ্যের সমর্থনে উপযুক্ত নথি দেখাতে না পারলে প্রার্থীপদ বাতিল করার অধিকার সংরক্ষণ করেছে কমিশন। ফলে ইন্টারভিউয়ের আগে আবেদনপত্রের তথ্যের সঙ্গে সমস্ত শংসাপত্র মিলিয়ে নেওয়া প্রয়োজন। কমিশনের নির্দেশ অনুযায়ী, বরাদ্দ দিনে নথি যাচাই ও ইন্টারভিউয়ে অনুপস্থিত থাকলে নিয়োগের পরবর্তী পর্যায়ে আর অংশ নেওয়া যাবে না।



