বিশ্বকাপ জিততে গিলের বিয়ে দেওয়া জরুরি! আচমকাই ‘ঘটকে’র ভূমিকায় রোহিত, ব্যাপারটা কী?

লক্ষ্য ওয়ানডে বিশ্বকাপ জয়। তার জন্য সব কিছু করতে রাজি রোহিত শর্মা। এর আগে বলেছিলেন, শুভমান গিলকে খুশি করে চলতে চান। এবার আরও বড় দায়িত্ব। গিলের বিয়ের ব্যবস্থাও করে দিতে চান হিটম্যান। আর সেটা আগামী দেড়-দু’মাসের মধ্যে। কেন হঠাৎ গিলের বিয়ে নিয়ে এত উৎকণ্ঠা রোহিতের? তার সঙ্গে বিশ্বকাপ জয়ের স্বপ্নের সম্পর্কই বা কী?
গিল এই মুহূর্তে ভারতীয় ওয়ানডে দলের অধিনায়ক। রোহিতকে আচমকা সরিয়ে দেওয়ার পর তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। গিলের প্রেমিকা কে, বা কবে বিয়ে করবেন এইসব নিয়ে জল্পনা প্রচুর। রোহিতের নিজের অনুষ্ঠান ‘ফ্যামিলি ফুল হাউসে’ও সেই প্রসঙ্গ উঠল। সেখানে ছিলেন কমেডিয়ান আকাশ গুপ্তা ও শাদি.কমের প্রতিষ্ঠাতা অনুপম মিত্তাল। কথার মাঝে আকাশ বলেন, “ইতিহাস বলছে, যখনই কোনও অধিনায়কের বিয়ে হয়, তার পরের বছর ভারত বিশ্বকাপ জেতে।”
২০১০ সালে মহেন্দ্র সিং ধোনির বিয়ে হয়। পরের বছর ভারত ওয়ানডে বিশ্বকাপ জেতে। সেটাই মনে করিয়ে দেন আকাশ। সঙ্গে সঙ্গে অনুপম বলে ওঠেন, “আরে ওই জন্যই তো আমরা শুভমানের পিছনে পড়ে আছি।” সঙ্গে যোগ করেন, “কিন্তু উনি বলে দিয়েছেন, এখন বিয়ে করবেন না।” রোহিতের উত্তর তৈরিই ছিল। প্রাক্তন ভারত অধিনায়কের জবাব, “না ভাই। বিশ্বকাপ জেতার জন্য আমাকে যা যা করতে হবে, সব করব।” যেন গিলের বিয়ের সমস্ত বন্দোবস্ত তিনি করে দেবেন।
Comedy ke saath instant comeback😂 Dekhiye Family Full House with Rohit Sharma, Sat – Sun raat 9:30 baje, sirf #SonyEntertainmentTelevision aur Sony LIV par. #RohitSharma #FamilyFullHouse #SonyTV https://t.co/XXwDs5qgBF
— sonytv (@SonyTV) November 2, 2026
একসময় গিলের সঙ্গে শচীন তেণ্ডুলকরের কন্যা সারার প্রেম জল্পনা জড়ায়। পরে নাম আসে আরেক সারার। তিনি হলেন সইফ আলি খানের কন্যা। এরপর আরও অনেকের সঙ্গে নাম জড়িয়েছে। তবে গিল এখনও ‘সিঙ্গেল’। শেষমেশ যদি রোহিত গিলের বিয়ের ‘ঘটক’ হন, তাহলে কিন্তু সময় খুব কম। হাতে আর মাত্র দু’মাস। তার মধ্যে কি সব ব্যবস্থা করে দিতে পারবেন রোহিত?
শেয়ার
লিংক



