দর্শকসংখ্যার আড়াইশো গুণ আবেদন! বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের উন্মাদনা সামলাতে হিমশিম আইসিসি

বিশ্বকাপের গ্রুপ পর্বেই ভারত-পাক মহারণ (India vs Pakistan)। আগামী বছর ১০ অক্টোবর মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। প্রত্যেক টুর্নামেন্টেই এই ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চরমে থাকে। আগামী বছরের বিশ্বকাপও তার ব্যতিক্রম নয়। লক্ষ লক্ষ মানুষ চাতকের মতো অপেক্ষা করছেন এই ম্যাচটা দেখতে। পরিসংখ্যান বলছে, মাঠে দর্শকসংখ্যার আড়াইশো গুণ ক্রিকেটপ্রেমী টিকিট কাটার আবেদন জানিয়েছেন!
মাসখানেক আগে আগামী বছরের ৫০ ওভারের বিশ্বকাপের (ODI World Cup 2027) সূচি ঘোষণা করেছে আইসিসি। ৭ অক্টোবর ভারতের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তিনদিন পরই, ১০ অক্টোবর বহু প্রতীক্ষিত ভারত-পাক ম্যাচ। জোহানেসবার্গে মুখোমুখি হবে দুই দল। এবং টিকিটের সবচেয়ে বেশি চাহিদা এই ম্যাচকে কেন্দ্র করে। ১০ অক্টোবরের সেই ম্যাচের টিকিটের জন্য ইতিমধ্যেই আবেদন করেছেন অন্তত ৮৪ লক্ষ ক্রিকেটপ্রেমী। শেষ পর্যন্ত মাঠে বসে ম্যাচ দেখার সুযোগ পাবেন মাত্র ৩৪ হাজার দর্শক। অর্থাৎ দর্শকসংখ্যার নিরিখে প্রায় আড়াইশো গুণ বেশি আবেদন জমা পড়েছে।
জোহানেসবার্গের এই মাঠেই খেলা হবে বিশ্বকাপ ফাইনাল। ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপের ফাইনালে এই মাঠে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। সেবার চ্যাম্পিয়ন হয় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন মেন ইন ব্লু। জানা গিয়েছে, এবারের বিশ্বকাপ ফাইনাল দেখতে আবেদন জানিয়েছেন অন্তত ৭৯ লক্ষ মানুষ। তবে টিকিটের চাহিদার নিরিখে ভারত-পাক ম্যাচের কাছে হেরে গিয়েছে বিশ্বকাপ ফাইনাল।
ভারতের অন্যান্য ম্যাচ নিয়েও উন্মাদনা কম নয়। গ্রুপ পর্বে ভারতের প্রথম তিনটি ম্যাচ নিয়ে টিকিটের চাহিদা আকাশছোঁয়া। গ্রুপ পর্বের পাশাপাশি সুপার সেভেনের ম্যাচগুলির টিকিটের জন্যও আবেদন করা যাচ্ছে। আইসিসি আগে থেকেই সম্ভাব্য দলগুলির বিন্যাস জানিয়ে দেওয়ায় সমর্থকেরা আগেভাগেই পরিকল্পনা করতে পারছেন। ভারত ও পাকিস্তান দু’দলই সুপার সেভেনে উঠলে ৭ নভেম্বর ফের মুখোমুখি হতে পারে তারা। সেই ম্যাচের টিকিটের জন্যও আবেদন শুরু করেছেন ক্রিকেটপ্রেমীরা। আগামী ২১ নভেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকায় সংখ্যাটা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
শেয়ার
লিংক



