জনগণনার জেরে পিছোচ্ছে মাধ্যমিক পরীক্ষা! রুটিন বদলে নতুন সময়সূচি প্রস্তাব পর্ষদের

SOBDIK NEWS: ইতিমধ্যেই গোটা দেশে জনগণনার (Census 2027) কাজ শুরু হয়ে গিয়েছে। আগামী জানুয়ারি মাস থেকেই দ্বিতীয় দফার কাজ চালু হবে। সেই সময় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। আর এর জেরেই নাকি পিছিয়ে যেতে পারে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam)। সম্প্রতি এই মর্মেই নাকি চিঠি পাঠানো হয়েছে। সত্যিই কি এটা হতে পারে? তাহলে নতুন পরীক্ষার তারিখ কবে পড়বে? উত্তর রইল আজকের প্রতিবেদনেই।
জনগণনার জেরে বদলাতে পারে Madhyamik Exam এর রুটিন
মাধ্যমিক ২০২৭ পরীক্ষা পরিচালনার জন্য প্রশাসন থেকে শুরু করে লজিস্টিকস যেমন প্রয়োজন তেমনি শিক্ষক-শিক্ষিকাদেরও থাকাটা আবশ্যক। কিন্তু ২৫শে জানুয়ারি থেকে যদি জনগণনার কাজ শুরু হয় তাহলে শিক্ষকদের পরীক্ষা পরিচালনায় সমস্যা তৈরি হবে। সেই কারণেই পর্ষদের সভাপতি স্কুল শিক্ষা কমিশনকে একটি চিঠি পাঠিয়ে রুটিন পরিবর্তনের কথা জানিয়েছেন।
প্রতিবছরের মত এবছরেও মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের পরেই আগামী বছরের মাধ্যমিকের রুটিন প্রকাশ করা হয়েছিল। কিন্তু এবছর ১৫ই ফেব্রুয়ারি থেকে ২৫ শে ফেব্রুয়ারির সময় জনগণনার কাজের জেরে সেই তারিখ পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, ২রা মার্চ ২০২৭ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরুর কথা বলা হয়েছে।
আরও পড়ুনঃ রেশন কার্ডের e-KYC করার সহজ উপায়! কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে কী করবেন জানুন
কেন বদলাচ্ছে ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার তারিখ?
বিগত ২৮শে অক্টোবর ভারতের রেজিস্ট্রার জেনারেল তথা সেন্সাস কমিশনার শ্রী মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ একটি নির্দেশিকা জারি করেছেন। সেখানে ২০২৭ সালের ১লা মার্চ অবধি বাড়ি গিয়ে জনগণনার কাজ চলবে বলে জানানো হয়েছে। এক্ষেত্রে সরকারি কর্মী হিসাবে শিক্ষকদের ভূমিকা থাকবে অনেকটাই। তাই মার্চের আগে কোনো বড় পরীক্ষা যাতে না করানো হয় তার জন্যই অনুরোধ করা হয়েছিল। এরপর একটি উচ্চপর্যায়ের বৈঠক হয় পর্ষদের। তারপরেই মাধ্যমিক পরীক্ষা মার্চে শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।
মাধ্যমিক ২০২৭ এর নতুন ও পরিবর্তিত রুটিন
২রা মার্চ ২০২৭ : প্রথম ভাষা (বাংলা, ইংরেজি, গুজরাটি, হিন্দি, নেপালি, ওড়িয়া, তেলেগু, তামিল, উর্দু, সাঁওতালি )
৩রা মার্চ ২০২৭ : দ্বিতীয় ভাষা (ইংরেজি যদি অন্য কোনো ভাষা প্রথম ভাষা হয়, নাহলে বাংলা বা নেপালি যদি ইংরেজি প্রথমভাষা হয়)
৫ই মার্চ ২০২৭ : ইতিহাস
৮ই মার্চ ২০২৭ : ভূগোল
১২ই মার্চ ২০২৭ : গণিত
১৩ই মার্চ ২০২৭ : ভৌত বিজ্ঞান
১৫ই মার্চ ২০২৭ : জীবন বিজ্ঞান
১৬ই মার্চ ২০২৭ : ঐচ্ছিক বিষয়
পরীক্ষার সময় হবে সকাল ১০টা বেজে ৪৫ মিনিট থেকে দুপুর ২ টো অবধি। যার মধ্যে প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য দেওয়া হবে।
প্রসঙ্গত, মাধ্যমিকের পরীক্ষার রুটিনে পরিবর্তন হলেও উচ্চ মাধ্যমিকের কথা মাথায় রেখেই এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে জানাচ্ছে পর্ষদ। তাছাড়া এর পরে পরেই জাতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষাও থাকে।



