ঘূর্ণিঝড় মুরাসুর বিদায় নিলেই নামবে পারদ! কবে থেকে বাংলায় জাঁকিয়ে শীত?

কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মুরাসুকে ঘিরে আপাতত পশ্চিমবঙ্গের জন্য বড় কোনও আশঙ্কা দেখছে না আলিপুর আবহাওয়া দফতর। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে রাজ্যে…
কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মুরাসুকে ঘিরে আপাতত পশ্চিমবঙ্গের জন্য বড় কোনও আশঙ্কা দেখছে না আলিপুর আবহাওয়া দফতর। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে রাজ্যে শীতের আমেজ কিছুটা বাড়তে পারে। চলতি সপ্তাহেই রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে দিনের তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। রাতে পারদ প্রথমে ২৪-২৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করলেও পরে তা আরও নেমে ২২-২৩ ডিগ্রিতে পৌঁছতে পারে।
আগামী ৫ নভেম্বর থেকে পরবর্তী দু-তিন দিনের মধ্যে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হতে পারে। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২০-২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামার পূর্বাভাস রয়েছে।
তবে কবে থেকে রাজ্যে আনুষ্ঠানিকভাবে শীতের প্রবেশ ঘটবে, তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন সৌরিশ। তাঁর ব্যাখ্যা, পাহাড়, সমতল এবং পশ্চিমাঞ্চলের ভৌগোলিক অবস্থানের পার্থক্যের কারণে রাজ্যের সর্বত্র একই সময়ে শীতের অনুভূতি তৈরি হয় না। তাই বর্ষার মতো শীত শুরুর কোনও নির্দিষ্ট দিনক্ষণ থাকে না।
অন্ধ্র উপকূলের দিকে এগোচ্ছে মুরাসু
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২ নভেম্বর সেটির শক্তি আরও বাড়তে পারে। এরপর পশ্চিম ও উত্তর-পশ্চিম অভিমুখে এগিয়ে ৩ নভেম্বর ভোররাতে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলের নেল্লোরের কাছে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
স্থলভাগে পৌঁছনোর সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার হতে পারে। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার ছোঁয়ার আশঙ্কাও রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের মতে, ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ থেকে অনেক দূরে অবস্থান করায় রাজ্যে সরাসরি বড় প্রভাব পড়ার সম্ভাবনা নেই। তবে স্থানীয়ভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাব কমে গেলে তাপমাত্রা নামার যে পূর্বাভাস রয়েছে, এখন সেদিকেই নজর আবহাওয়াবিদদের।
ইন্দ্রনীলের মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন? আভেরিকে তলব পুলিশের
বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়, কলকাতার আকাশেও কি নামবে বৃষ্টি?



