0%

পকেটে ফোন রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, কী বলছেন বিশেষজ্ঞরা?

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে যেখানে স্মার্টফোন ছাড়া এক মুহূর্ত চলে না। কাজের ব্যস্ততা হোক কিংবা অবসর সময়, মোবাইল ফোন এখন আমাদের নিত্যসঙ্গী। বিশেষ করে পুরুষদের অনেকেই প্যান্টের সামনের পকেটে ফোন রাখেন। কিন্তু এই অভ্যাস কি অজান্তেই প্রভাব ফেলছে পুরুষের প্রজননস্বাস্থ্যে? শুক্রাণুর গুণমান কমিয়ে দিতে পারে কি মোবাইল ফোনের বিকিরণ ও তাপ? এই প্রশ্ন ঘিরেই দীর্ঘদিন ধরে চলছে গবেষণা। সম্প্রতি একাধিক গবেষণার ফলাফল এবং বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য।  

ভারতের ডেম হেলথের প্রতিষ্ঠাতা এবং রিনিউ হেলথ কেয়ারের স্ত্রীরোগ ও বন্ধ্যত্ব বিশেষজ্ঞ চিকিৎসক রাজীব আগরওয়ালের মতে, বিষয়টি নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে গবেষণার ফলাফলকে সম্পূর্ণ উপেক্ষা করাও ঠিক হবে না। শুক্রাণুর ওপর মোবাইল ফোনের প্রভাব নিয়ে একাধিক গবেষণা হয়েছে। ১৮টি গবেষণা এবং ৪ হাজারেরও বেশি বীর্যের নমুনা বিশ্লেষণ করে একটি গবেষণায় দেখা গিয়েছে, মোবাইল ফোনের রেডিও ফ্রিকোয়েন্সি বিকিরণের সংস্পর্শে এলে শুক্রাণুর গতিশক্তি ও কার্যক্ষমতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শুক্রাণুর মোট সংখ্যা কিংবা ঘনত্ব কমে যাওয়ার সঙ্গে মোবাইল ফোনের সরাসরি সম্পর্কের বিষয়ে এখনও নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।  বিশেষজ্ঞদের একাংশের মতে, প্যান্টের সামনের পকেটে ফোন রাখলে সেটি অণ্ডকোষের কাছাকাছি থাকে। ফলে সম্ভাব্য ঝুঁকির আশঙ্কা নিয়ে প্রশ্ন উঠছে। এর পিছনে প্রধানত দুটি কারণ তুলে ধরেছেন গবেষকেরা। 

প্রথমত, মোবাইল ফোনের রেডিও ফ্রিকোয়েন্সি বিকিরণ শুক্রাণুর কোষে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করতে পারে। শরীরে ক্ষতিকর ফ্রি র‍্যাডিকেল এবং সেগুলিকে নিষ্ক্রিয় করার জন্য প্রয়োজনীয় অ্যান্টি-অক্সিডেন্টের মধ্যে ভারসাম্য নষ্ট হলে এই পরিস্থিতি তৈরি হয়। এর ফলে শুক্রাণুর কোষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

দ্বিতীয়ত, মোবাইল ফোন থেকে নির্গত তাপ অণ্ডকোষের তাপমাত্রা বাড়াতে পারে। অথচ সুস্থ শুক্রাণু তৈরির জন্য অণ্ডকোষের তাপমাত্রা শরীরের স্বাভাবিক তাপমাত্রার তুলনায় কিছুটা কম থাকা প্রয়োজন। তাপমাত্রার এই ভারসাম্য নষ্ট হলেও শুক্রাণুর স্বাস্থ্যে প্রভাব পড়তে পারে। 

তবে চিকি‍ৎসক আগরওয়ালের বক্তব্য, সন্তান নেওয়ার চেষ্টা করছেন এমন দম্পতিদের নিয়ে করা একটি সুপরিকল্পিত গবেষণায় পকেটে মোবাইল রাখার অভ্যাসের সঙ্গে শুক্রাণুর গুণমান কিংবা গর্ভধারণে সময় লাগার কোনও স্পষ্ট সম্পর্ক পাওয়া যায়নি। অর্থাৎ, মোবাইল ফোন পকেটে রাখাকে এখনও পুরুষের বন্ধ্যত্বের প্রমাণিত কারণ হিসেবে চিহ্নিত করা যায়নি। বিশেষজ্ঞদের পরামর্শ, শুক্রাণুর সংখ্যা বা গুণমান কমে গেলে শুধু মোবাইল ফোন ব্যবহারের অভ্যাসকে দায়ী করা উচিত নয়। হরমোনের সমস্যা-সহ একাধিক শারীরিক কারণ এর পিছনে থাকতে পারে। তাই সমস্যা দেখা দিলে অনুমানের ভিত্তিতে সাপ্লিমেন্ট না খেয়ে প্রয়োজনীয় পরীক্ষা করিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ। 

The post পকেটে ফোন রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, কী বলছেন বিশেষজ্ঞরা? appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker