0%

‘অধিনায়ক হওয়ার সব গুণ ওর রয়েছে’, বৈভবকে টেনে অভিষেকের হয়ে সওয়াল ‘গুরু’ যুবরাজের

‘শিষ্য’কে ভারতের টি-টোয়েন্টি দলের অন্যতম সেরা তারকা হিসাবে গড়ে তুলেছেন তিনি। সেই অভিষেক শর্মা অধিনায়ক হওয়ার যোগ্য! এমনটাই মনে করেন যুবরাজ সিং। বিশ্বকাপ জয়ী ক্রিকেটারের মতে, নেতৃত্ব দেওয়ার যাবতীয় গুণ রয়েছে ‘শর্মাজি কা বেটা’র মধ্যে। কেবল টি-টোয়েন্টি নয়, ভারতের ওয়ানডে দলেও অভিষেককে সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন প্রাক্তন অলরাউন্ডার।

নিউজিল্যান্ড সফরের মাঝেই অভিষেককে ভবিষ্যতের অধিনায়ক হিসাবে গড়ে তোলার পরামর্শ দিয়েছেন যুবরাজ। তাঁর কথায়, “অভিষেক ভারতের পরবর্তী অধিনায়ক হবে কি না, তা বলা সম্ভব নয়। তবে নেতৃত্ব দেওয়ার মতো সমস্ত গুণ ওর মধ্যে রয়েছে বলে আমার বিশ্বাস।” সতীর্থদের অনুপ্রাণিত করার ক্ষমতাকেই অভিষেকের নেতৃত্বের বড় গুণ বলে মনে করছেন যুবরাজ। বিশেষ করে বৈভব সূর্যবংশীর সঙ্গে অভিষেকের সম্পর্কের উদাহরণ দিয়েছেন তিনি। যুবরাজের কথায়, “তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে পারে অভিষেক। বৈভবকে যেভাবে ও অনুপ্রেরণা জুগিয়েছে, কাঁধে হাত রেখে সাহস দিয়েছে, সেটাই একজন দক্ষ অধিনায়কের পরিচয়।”

অভিষেক ও বৈভব। ছবি বিসিসিআই।

তবে জাতীয় দলের অধিনায়ক হওয়ার আগে আইপিএলে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা অর্জন করা প্রয়োজন বলে মনে করেন যুবরাজ। সেখানে সাফল্য পেলে অভিষেকের আত্মবিশ্বাস যেমন বাড়বে, তেমনই নির্বাচকদের কাছেও তাঁর গ্রহণযোগ্যতা তৈরি হবে। যুবরাজ বলেন, “ভারতের অধিনায়ক হওয়ার আগে আইপিএলে কোনও দলকে নেতৃত্ব দিতে হবে অভিষেককে। সেখানে ভালো ফল করতে পারলে ওর আত্মবিশ্বাস বাড়বে। নির্বাচকদের আস্থাও অর্জন করতে পারবে। আমার বিশ্বাস, ভবিষ্যতে অভিষেকই ভারতের অধিনায়ক হবে।”

যদিও এখনও পর্যন্ত আইপিএলে কোনও দলের অধিনায়ক হওয়ার সুযোগ পাননি অভিষেক। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্ব সামলেছেন ঈশান কিষান। অভিষেককে শুধু টি-টোয়েন্টিতে সীমাবদ্ধ রাখার পক্ষপাতী নন তাঁর মেন্টর। ওয়ানডেতেও তাঁকে সুযোগ দেওয়ার পক্ষে সওয়াল করেছেন যুবরাজ। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখেই এখন থেকে অভিষেককে তৈরি করা উচিত বলে তাঁর মত। যুবরাজের কথায়, “৩৫ রান করুক কিংবা সেঞ্চুরি, সাদা বলের ক্রিকেটে নিয়মিত রান পাচ্ছে অভিষেক। তাই ওকে ওয়ানডে দলে সুযোগ দেওয়ার এটাই উপযুক্ত সময়। তাছাড়া বল হাতেও অবদান রাখতে পারে ও। বিশ্বকাপের আগে নির্বাচক ও কোচেদের বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা উচিত।”

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker