বড়দিন-নিউ ইয়ারে দিঘা যাওয়ার চিন্তা নেই, ডিসেম্বর পর্যন্ত চলবে বিশেষ লোকাল

কলকাতা: শীতের মরশুমে দিঘা যাওয়ার পরিকল্পনা করছেন? পর্যটকদের জন্য সুখবর। আরও দু’মাস চলবে পাঁশকুড়া-দিঘা স্পেশাল লোকাল ট্রেন। দক্ষিণ-পূর্ব রেল জানিয়েছে, ০৮১১৭ ও ০৮১১৮ নম্বরের পাঁশকুড়া-দিঘা…
কলকাতা: শীতের মরশুমে দিঘা যাওয়ার পরিকল্পনা করছেন? পর্যটকদের জন্য সুখবর। আরও দু’মাস চলবে পাঁশকুড়া-দিঘা স্পেশাল লোকাল ট্রেন। দক্ষিণ-পূর্ব রেল জানিয়েছে, ০৮১১৭ ও ০৮১১৮ নম্বরের পাঁশকুড়া-দিঘা এবং দিঘা-পাঁশকুড়া বিশেষ ট্রেনের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আগে এই ট্রেন দু’টির চলাচলের শেষ দিন ধার্য ছিল ৩১ অক্টোবর।
দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে পর্যটকদের আনাগোনা বেড়েছে। বিশেষ করে রথযাত্রার সময় থেকেই এই সমুদ্রশহরে যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো। তার পর উৎসবের মরশুম পেরিয়ে বড়দিন ও ইংরেজি বছরের শেষ পর্যন্ত পর্যটকের চাপ বজায় থাকে। সেই ভিড় সামাল দিতেই পাঁশকুড়া ও দিঘার মধ্যে বিশেষ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
যাত্রীদের চাহিদা এবং শীতের মরশুমে বাড়তি ভিড়ের কথা মাথায় রেখে গত কয়েক মাসে একাধিক বার ট্রেনটির সময়সীমা বাড়িয়েছে রেল কর্তৃপক্ষ। এ বার নভেম্বর ও ডিসেম্বর, দু’মাসই নিয়মিত চলবে এই বিশেষ লোকাল। ফলে উৎসবের মরশুমে দিঘা যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের কিছুটা সুবিধা হবে।
স্থায়ী লোকাল করার দাবি যাত্রী সংগঠনের
মেয়াদ বৃদ্ধিতে খুশি হলেও এই ট্রেনকে স্থায়ী পরিষেবা হিসেবে চালুর দাবি তুলেছে পাঁশকুড়া-হলদিয়া-দিঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনের সম্পাদক সরোজকুমার ঘড়ার বক্তব্য, বারবার মেয়াদ বাড়ানোর পরিবর্তে ট্রেনটিকে স্থায়ী লোকাল হিসেবে ঘোষণা করা উচিত। কারণ, পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় যাত্রীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়।
পাশাপাশি হলদিয়া-পাঁশকুড়া এবং হলদিয়া-মেদিনীপুর রুটেও নতুন লোকাল ট্রেন চালুর দাবি জানিয়েছে সংগঠনটি। তাদের মতে, ওই রুটগুলিতে নিয়মিত লোকাল পরিষেবা চালু হলে বহু নিত্যযাত্রী উপকৃত হবেন।
এবার ইন্দ্রনীল সেনের স্ত্রীকে তলব! পাস দুর্নীতিতে মধুছন্দাকে লালবাজারে হাজিরার নির্দেশ
ফের ঘনাচ্ছে নিম্নচাপ! সপ্তাহান্তে কেমন থাকবে কলকাতা ও জেলার আবহাওয়া?




