0%

এবার জার্মানিতে সেরার মুকুট সিন্ধুর, দাপুটে জয়ে মরশুমে দ্বিতীয় খেতাব

প্যারিসে স্বপ্নভঙ্গের এক সপ্তাহের মধ্যেই সাফল্যের সরণিতে পিভি সিন্ধু। রবিবার জার্মানিতে হাইলো ওপেনের ফাইনালে ডেনমার্কের লাইন কেয়ার্সফেল্টকে স্ট্রেইট গেমে হারিয়ে মরশুমের দ্বিতীয় খেতাব জিতলেন ভারতের তারকা শাটলার। ফাইনালে সিন্ধু জিতেছেন ২১-১২, ২১-১৪ ব্যবধানে। দুরন্ত ফর্মে থাকা সিন্ধু গোটা প্রতিযোগিতায় একটিও গেম না খুইয়ে চ্যাম্পিয়ন হলেন।

এর আগে জুলাই মাসে জাপান ওপেনে খেতাব জিতেছিলেন দু’বারের অলিম্পিক পদকজয়ী। গত সপ্তাহে ফরাসি ওপেনের ফাইনালে উঠলেও বিশ্বের এক নম্বর আন সে ইয়ংয়ের কাছে হেরে রানার্স হন তিনি। তবে প্যারিসের হতাশা দ্রুত কাটিয়ে জার্মানিতে সাফল্য পেলেন সিন্ধু। দ্বিতীয় বাছাই সিন্ধুর অভিযান শুরু হয়েছিল আরব আমিরশাহীর প্রকৃতি ভারতকে ২১-১০, ২১-১০ ব্যবধানে হারিয়ে।

পরের ম্যাচে ফ্রান্সের রোসি ওকতাভিয়া পানকাসারিকে মাত্র ২৬ মিনিটে ২১-৯, ২১-৬ ব্যবধানে উড়িয়ে দেন তিনি। কোয়ার্টার ফাইনালে জার্মানির আমালি শুলৎসকে হারান ২১-১২, ২১-১০ ব্যবধানে। সেমিফাইনালে অবশ্য লড়াইটা কিছুটা কঠিন ছিল। প্রতিপক্ষ ছিলেন ভারতেরই প্রতিশ্রুতিমান ১৯ বছরের শাটলার অনমোল খার্ব। তবে চ্যালেঞ্জ সামলে ২১-১৩, ২১-১৬ ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছে যান সিন্ধু।

খেতাবি লড়াইয়েও প্রতিপক্ষকে বিশেষ সুযোগ দেননি ভারতীয় তারকা। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে রেখে দুই গেমেই জয় নিশ্চিত করেন। এই নিয়ে চলতি মরশুমে দ্বিতীয়বার বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুরের খেতাব জিতলেন সিন্ধু। ফরাসি ওপেনের ফাইনালে ওঠার পর হাইলো ওপেন জয় তাঁর আত্মবিশ্বাস আরও বাড়াবে। আন্তর্জাতিক সার্কিটে ধারাবাহিকতা ফেরানোর লক্ষ্যেও এই জয় নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker