এবার ইন্দ্রনীল সেনের স্ত্রীকে তলব! পাস দুর্নীতিতে মধুছন্দাকে লালবাজারে হাজিরার নির্দেশ

কলকাতা: পুজোর পাস দুর্নীতি মামলার তদন্তে এ বার ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেনকে তলব করল কলকাতা পুলিশ। প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির পর তদন্তের পরিধি আরও বাড়াচ্ছেন…
কলকাতা: পুজোর পাস দুর্নীতি মামলার তদন্তে এ বার ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেনকে তলব করল কলকাতা পুলিশ। প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির পর তদন্তের পরিধি আরও বাড়াচ্ছেন লালবাজারের গোয়েন্দারা। পুজোর প্রিভিউ শোয়ের ভিআইপি পাস বিক্রি এবং সেই টাকা কোথায় গিয়েছে, তা জানতে ইন্দ্রনীল-জায়াকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। সেই মর্মে তাঁকে লালবাজারে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। এর আগে এই মামলায় আগাম জামিনের আবেদন করেছিলেন মধুছন্দা।
গত বুধবার ইডির দফতর সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ শেষে বেরনোর পরই কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেফতার হন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। দুর্গাপুজোর প্রিভিউ শোয়ের নামে বিশেষ প্রবেশপত্র বিক্রি করে আর্থিক অনিয়মের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে ১০ দিনের পুলিশি হেফাজতে রয়েছেন তিনি।
বউবাজার থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে ‘মাস আর্ট’ নামে একটি সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। অভিযোগ, ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহারের অনুমোদন না থাকা সত্ত্বেও সেই পরিচয় সামনে রেখে পুজোর বিশেষ প্রবেশপত্র বিক্রি করা হয়েছিল। ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে এই কারবারে বিপুল অঙ্কের টাকা লেনদেন হয়েছে বলে তদন্তকারীদের সন্দেহ। মামলার সূত্রপাত হয়েছিল জয়দীপ মুখোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে।
পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টও তদন্তে
মাস আর্টের সঙ্গে মধুছন্দা সেনের যোগ রয়েছে। সংস্থাটির তিনি সভাপতি। তদন্তকারীরা মনে করছেন, পাস বিক্রির টাকা কোন পথে কোথায় পৌঁছেছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। সে কারণেই ইন্দ্রনীলের স্ত্রী এবং পরিবারের অন্য সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও নজরে রয়েছে পুলিশের। তাঁদের কাছে পৌঁছনো অর্থের উৎস ও লেনদেনের হিসাব জানতেই মধুছন্দাকে জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দারা।
এ দিকে, এই মামলায় ইডিও পৃথকভাবে আর্থিক তছরুপের অভিযোগ খতিয়ে দেখছে। প্রাথমিকভাবে ৫০ থেকে ৬০ কোটি টাকার আর্থিক অনিয়মের সন্দেহের কথা জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফলে কলকাতা পুলিশের পাশাপাশি ইডির তদন্তেও নজরে রয়েছে মাস আর্টের আর্থিক লেনদেন।
ইন্দ্রনীল সেনের গ্রেফতারির পর এ বার তাঁর স্ত্রীকে তলবের ঘটনায় তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই নজর রয়েছে।
২০২৭ সালে আরও বড় গঙ্গাসাগর মেলা! ৫০ শতাংশ বাড়ছে প্রাঙ্গণ
সৌদি-ইয়েমেনের যুদ্ধের মধ্যেই আচমকা গর্ভবতী ১২৫ পাক মহিলা সেনা



