শান্তি চেয়ে হাউথিকে ১০০ কোটি ডলার প্রস্তাব সৌদির, অশান্ত মধ্যপ্রাচ্যে মধ্যস্থতার টেবিলে পাকিস্তানও

ইরান সমর্থিত হাউথি গোষ্ঠীর লাগাতার মারে নাজেহাল অবস্থা সৌদি আরবের (Saudi Arabia)। তেলের কারবার কার্যত বন্ধ হওয়ায় ব্যাপক চাপ পড়েছে দেশটির অর্থনীতিতে। গুরুতর এই পরিস্থিতি শান্তির খোঁজে মরিয়া হয়ে উঠল সৌদি। ইজরায়েলের সংবাদমাধ্যম সূত্রের খবর, ইরানের মাধ্যমে হাউথির সঙ্গে আলোচনা শুরু করেছে সৌদি আরব। সংঘর্ষবিরতির লক্ষ্যে ১০০ কোটি ডলার প্রস্তাবও দেওয়া হয়েছে। মক্কা চুক্তির অধীনে মধ্যপ্রাচ্যের এই শান্তি আলোচনায় অংশ নিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির।
হিব্রু দৈনিক ‘ইজরায়েল হায়োমে’র রিপোর্ট অনুযায়ী, মক্কা চুক্তির অধীনে পাকিস্তান ও তুরস্ককে সঙ্গে নিয়ে এই আলোচনা শুরু করেছে সৌদি। সেই লক্ষ্যে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সলমন সম্প্রতি ইরানে যান। যাতে ইরানের মাধ্যমে হাউথিদের সঙ্গে আলোচনা শুরু করা যায়। এই সফরে একটি হারকিউলিস সামরিক পরিবহণ বিমানে করে ১০০ কোটি ডলার নিয়ে যান সলমন। তবে এই অর্থ ইরানের হাতে তুলে দেওয়া হয়েছে কিনা তা এখন স্পষ্ট নয়। সৌদি সরকারও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। জানা যাচ্ছে, ইরানের সঙ্গে আলোচনায় উপস্থিত ছিলেন পাক সেনাপ্রধান মুনির ও তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিনও। সূত্রের খবর, তেহরানের বৈঠকে উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই ও আরআরজিসির শীর্ষকর্তারা।
সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সলমন সম্প্রতি ইরানে যান। যাতে ইরানের মাধ্যমে হাউথিদের সঙ্গে আলোচনা শুরু করা যায়। এই সফরে একটি হারকিউলিস সামরিক পরিবহণ বিমানে করে ১০০ কোটি ডলার নিয়ে যান সলমন।
ওয়াকিবহাল মহলের মতে, যে কোনও মূল্যে এই যুদ্ধ থামাতে চাইছে সৌদি আরব। গত কয়েকমাসে হাউথিরা সৌদির বিমানবন্দর, তেলঘাঁটিগুলিকে তছনছ করেছে। হরমুজে ট্যাঙ্কারগুলিতে হামলার জেরে ব্যাহত হচ্ছে তেল রপ্তানি। লাগাতার হামলার জেরে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে সৌদিকে। যার জেরেই মরিয়া হয়ে টাকার বিনিময়ে যুদ্ধ থামাতে চাইছেন সলমন।
উল্লেখ্য, তিন বছর আগে একটি সমঝোতা হয়েছিল সৌদি ও হাউথির। যার মাধ্যমে সৌদির হাউথি নিয়ন্ত্রিত এলাকায় সরকারি কর্মীদের বেতন ও বেসামরিক পরিকাঠামো পুনর্গঠনের জন্য আর্থিক সাহায্য দেওয়ার কথা ছিল, বিনিময়ে হাউথিরা যুদ্ধবিরতি বজায় রাখবে। হাউথিদের অভিযোগ, রিয়াদ সেই প্রতিশ্রুতি রাখেনি, তাই তারা আবার হামলা শুরু করেছে।
শেয়ার
লিংক



